গত ১৪ জুলাই এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভের সময় এক আন্দোলনকারী শিক্ষার্থীর বক্তব্যের সাথে “গতকাল সংসদ ভবনের সামনে। সাধারণ শিক্ষার্থীদেরকে লাঠিচার্জের এক পর্যায়ে একটি মেয়ে বাধা দিতে আসলে। পুলিশ তাকে গুলি করে হত্যা করে। কোন মিডিয়া এর প্রচার করেনি। সাধারণ শিক্ষার্থীদের কে ঢাল বানিয়ে তাদের স্বার্থ হাসিলের পর, এখন সাধারণ শিক্ষার্থীদের গুলি করে মেরে লাশ ঘুম করা হচ্ছে।” শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আন্দোলনকারী শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহতের দাবি করেননি এবং সংসদ ভবন এলাকায় নিহতের কোনো ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে, আলোচিত বক্তব্যটিতে যে শিক্ষার্থীকে দেখা যাচ্ছে তিনি রাজশাহীতে এক শিক্ষার্থী আত্মহত্যা করার কথা বলেছেন।
আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে নাগরিক টিভির লোগো লক্ষ্য করা যায়। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে নাগরিক টিভির ফেসবুক পেজে গত ১৫ জুলাই প্রথম প্রহরে ‘পুলিশি লাঠি চার্জের জেরে ক্ষোভ ঝাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা’ ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, এক শিক্ষার্থী বলছেন- “আমাদের যে বোন মারা গেছে ওই বোনের জবাব দিতে হবে শিক্ষামন্ত্রীকে।” পাশ থেকে আরেক শিক্ষার্থীকে বলতে শোনা যায়- “এইটা মারা যায় না এইটা মার্ডার হইছে, ডাইরেক্ট মার্ডার হইছে।”
অর্থাৎ, নাগরিক টিভির ফেসবুক পেজ থেকে গত ১৫ জুলাই প্রথম প্রহরে প্রচারিত ০২ মিনিট ৩৮ সেকেন্ডের পুরো ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে পুলিশের গুলিতে কেউ নিহত হয়েছেন এমন দাবি কোথাও করেনি।
পরবর্তী অনুসন্ধানে, গত ১২ জুলাই রাজশাহীর দুর্গাপরে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া যায়। উক্ত ঘটনারই কথা বলেছেন ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
আরও অনুসন্ধানে গত ১৪ জুলাই এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের সময় সংসদ ভবন এলাকায় পুলিশের লাঠিচার্জে একাধিক শিক্ষার্থী আহত হওয়ার তথ্য পাওয়া গেলেও নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি আজ (১৯ জুলাই) পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকেও নিহতের কোনো দাবি জানানো হয়নি।
সুতরাং, আত্মহত্যা করে মারা যাওয়া শিক্ষার্থীকে সংসদ ভবন এলাকায় পুলিশের গুলিতে নিহত দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Nagorik Tv- Facebook Post
- Ajker Patrika- পরীক্ষা খারাপ হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
- Prothom Alo- সংসদ ভবনের সামনে লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ


