সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেফতার হওয়ার দাবিটি গুজব 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে দাবিতে সম্প্রতি “গ্রেফতার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই দেশে আনছেন” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়নি বরং কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ব্লগস্পটের ফ্রী ডোমেইন সাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত দাবিগুলোর পোস্টের কমেন্টে তথ্যসূত্র হিসেবে একটি ব্লগপোস্টের লিংক দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘news55news55.blogspot.com’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়।

তবে, লিংকে ক্লিক করে প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়নি। অনুসন্ধানের প্রয়োজনে লিংকে প্রবেশের চেষ্টা করা হলে তা অনলাইন জুয়ার বিজ্ঞাপন সাইটে রিডাইরেক্ট করে নিয়ে যায়।

এছাড়া, তথ্যসূত্র হিসেবে দেওয়া লিংকটি থেকে শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, উক্ত সাইটের পাবলিশার প্রোফাইল থেকে জানা যায় এটি ২০২৫ সালে অর্থাৎ চলতি বছরের চলতি মাসে (জুন) খোলা প্রোফাইল অ্যাকাউন্ট এবং প্রোফাইলের মোট ভিউস মাত্র ২৫। 

স্বাভাবিকভাবে শেখ হাসিনার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের গ্রেফতারের সংবাদ গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রেও তার গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে। পড়ুন এখানে

রাজনৈতিক অপতথ্য প্রচারের নতুন কৌশল ব্লগস্পটের ফ্রি ডোমেইন

সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis 
Share: