গণমাধ্যমে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার দাবিতে ২০০৭ সালের ভিডিও প্রচার

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এসময়ে উক্ত ভিডিওতে প্রশ্নকর্তা শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন, “অন্যায়ভাবে দেশে যাওয়ার পরে গ্রেফতার করা হয়, জনগণের উদ্দেশ্যে আপনার মেসেজ কী?”

জবাবে শেখ হাসিনা বলেন, “জনগণের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমি জনগণের সাথে রাজনীতি করি, আমি জনগণের কল্যাণে রাজনীতি করি, জনগণের জন্য আমি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। আমি জনগণের কাছেই বিচার চাইবো।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি শেখ হাসিনার সাম্প্রতিক কোনো গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ২০০৭ সালে লন্ডনে বসে দেওয়া একটি ভিন্ন সাক্ষাৎকারের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে Immigrant Channel নামক একটি ইউটিউব চ্যানেলে ২০০৭ সালের ১৬ মে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১ মিনিট ৩৫ সেকেন্ড থেকে ১ মিনিট ৪৮ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে থাকা শেখ হাসিনার পোশাক ও অডিও অংশের হুবহু মিল পাওয়া যায়।

ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, ২০০৭ সালের ০১ মে ‘লন্ডন স্কুল অব ইকোনোমিকস’ এ বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার বক্তব্যের ভিডিও এটি।

এছাড়া, Tanvir Ahmed নামক অপর একটি ইউটিউব চ্যানেলে ২০০৭ সালের ১৭ জুলাইয়ে শেখ হাসিনার ওইদিনের সাক্ষাৎকার সংবলিত ভিডিও খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে শেখ হাসিনার সাম্প্রতিক কোনো গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের সংশ্লিষ্টতা নেই।

পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রেও, ২০২৪ সালের ০৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগের পর থেকে এখন পর্যন্ত কোনো দেশি বা বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার কিংবা ভিডিও বার্তা দেওয়ার কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ২০০৭ সালে লন্ডনে বসে গণমাধ্যমে শেখ হাসিনার দেওয়া ভিন্ন একটি সাক্ষাৎকারের ভিডিওকে সম্প্রতি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: