শেখ হাসিনা ফেসবুক লাইভে বক্তব্য দিয়েছেন দাবিতে ২০২৩ সালের নিউইয়র্কের ভিডিও প্রচার

সম্প্রতি, আদালত কর্তৃক দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা লাইভে যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার সময়ের ভিডিওকে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘TBN24’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ১ ঘন্টা ১০ মিনিট সময়ের দীর্ঘ এই ভিডিওটির দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার সময়ের ভিডিও।
উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বরে আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, নিউইয়র্কে জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিতে গিয়ে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের নির্বাচনে বাইরে থেকে কোনো হস্তক্ষেপ বরদাশত হবে না এবং অবৈধভাবে ক্ষমতায় আসার চেষ্টা করলে শাস্তি পেতে হবে। তার সরকার নির্বাচনকে স্বচ্ছ করেছে এবং ক্ষমতার মালিক জনগণ এবং তাদের ভোটেই সিদ্ধান্ত হবে বলেও সেসময়ে মন্তব্য করেন তিনি।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, ২০২৩ সালে নিউইয়র্কে শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার সময়ের ভিডিওকে সম্প্রতি তিনি ফেসবুক লাইভে এসে বক্তব্য দিয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

