সম্প্রতি, গুলিস্তানে হকারদের কাছে চাঁদাবাজি করতে গিয়ে কথিত ছাত্রশিবির নেতা গণধোলাইয়ের শিকার হয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুসন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গুলিস্তানে চাঁদাবাজি করতে গিয়ে হকারদের কাছে ছাত্রশিবির নেতার গণধোলাইয়ের দাবিটি সঠিক নয়। অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি গুলিস্তানে মার্কেট ব্যবসায়ী ও ফুটপাতের হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনার।
রাজধানীর গুলিস্তানের মত স্থানে চাঁদাবাজি করতে গিয়ে কোনো ছাত্রশিবির নেতা গণধোলাইয়ের শিকার হলে সেটি গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশ করাটা স্বাভাবিক কিন্তু উক্ত দাবির বিষয়ে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে একাধিক সংবাদভিত্তিক ফেসবুক পেজে উক্ত ভিডিওটির সন্ধান পাওয়া যায়। পেজগুলোতে প্রচারিত উক্ত ভিডিও সংবলিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

পোস্টগুলোতে বলা হয়, ভিডিওটি গুলিস্তানে মার্কেট ব্যবসায়ী ও হকারদের মাঝে সংঘর্ষের ঘটনার। এছাড়াও ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, একদল ব্যক্তি লাঠিসোটা নিয়ে গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্স ঢুকে মারধর শুরু করে। পরক্ষণেই মার্কেট থেকে আরেক দলকে লাঠি হাতে তাদের দিকে তেড়ে আসতে দেখা যায়।
সুতরাং, গুলিস্তানে মার্কেট ব্যবসায়ী ও হকারদের মারামারির ভিডিওকে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রশিবির নেতার হকারদের গণধোলাইয়ের শিকার হওয়ার দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Morning Times News Facebook Post
- Rumor Scanner’s Analysis


