শিরীন শারমিন আ.লীগের হাল ধরলে রুমিন ফারহানার সহযোগিতার দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া

গত ৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডির চাচাতো ভাইয়ের বাসা থেকে গ্রেফতার হন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সম্প্রতি, বিএনপির সাবেক নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সাবেক এই স্পিকারকে উদ্দেশ্য করে ‘শিরীন শারমিন আওয়ামী লীগের হাল ধরলে আমি সহযোগিতা করব’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রুমিন ফারহানা ‘শিরীন শারমিন আওয়ামী লীগের হাল ধরলে আমি সহযোগিতা করব’ শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, বাংলাভিশনের আদলে পরিচালিত ‘GojobVision’ নামে এক স্যাটায়ার পেজ থেকে তার নামে আলোচিত ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, ফটোকার্ডটিতে কোনো গণমাধ্যমের লোগো নেই। এছাড়াও এটি প্রকাশের কোনো তারিখও ফটোকার্ডটিতে লক্ষ্য করা যায়নি।
পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনের আদলে পরিচালিত স্যাটায়ার পেজ GojobVision-এ গত ১২ এপ্রিল একই শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়।

ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানে লক্ষ্য করা যায়, উক্ত পেজটি থেকেই সর্বপ্রথম আলোচিত দাবিতে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। যেটিকে সম্পাদনার মাধ্যমে এর থেকে Gojob Vision-এর লোগো এবং নাম সরিয়ে ফেলে পুনরায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে প্রচার করা হয়।
তবে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে রুমিন ফারহানার এমন কোনো মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি। রুমিন ফারহানা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগকে সহায়তা করার কথা জানালে সেটি ব্যাপক আলোচনার বিষয়বস্তুতে পরিণত হতো। কিন্তু কোনো মাধ্যমেই আলোচিত দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
সুতরাং, রুমিন ফারহানা ‘শিরীন শারমিন আওয়ামী লীগের হাল ধরলে আমি সহযোগিতা করব’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- GojobVision Facebook Post

