তারেক রহমানের মাথায় গুলি করা হয়েছে দাবিতে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মাথায় গুলি করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে। গত ১৯ জানুয়ারি রাত ৯ টার দিকে প্রচারিত এই পোস্টটিতে দাবি করা হয়, হামলার শিকার তারেক রহমানকে সেসময় এভারকেয়ারে নিয়ে যাওয়া হচ্ছিল।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তারেক রহমানের মাথায় গুলি করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তারেক রহমানকে জড়িয়ে তার ওপর হামলার দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যালোচনা করে দেখা যায়, পোস্টের মন্তব্যের ঘরে নির্ঝর আহম্মেদ নামের ওই পোস্টকারী একটি লিংকও যুক্ত করে দিয়েছেন। যেটিতে প্রবেশ করার চেষ্টা করলে বিভিন্ন সময় তা ভিন্ন ভিন্ন ওয়েবপেজে নিয়ে যায়।

উল্লেখ্য, এ ধরণের স্ক্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক, ব্যক্তিগত ড্যাটা চুরি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অনলাইন নিরাপত্তাকে বিঘ্নিত করার নজির রয়েছে।

পরবর্তীতে তারেক রহমানের ওপর হামলার দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে তার মাথায় গুলি করার কোনো তথ্য পাওয়া যায়নি। বরং, দেখা যায় আলোচিত দাবিতে পোস্টটি প্রচারিত হওয়ার পরদিন অর্থাৎ, ২০ জানুয়ারি তিনি তার রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের সাথে সাক্ষাৎ করেন।

এছাড়াও বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গতকাল রাজধানীর মহাখালীতে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি। উক্ত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারিত ভিডিও দেখুন এখানে

সুতরাং, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মাথায় গুলি করার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: