গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ভূমিধস জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর প্রেক্ষিতে সম্প্রতি, দলটির চেয়ারম্যান তারেক রহমানের বাসার নিচে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেও ঢাকা-১১ আসনে জয় লাভ করা এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম এবং সারজিস আলম তার দেখা পাননি দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি তারেক রহমানের বাসার নিচে ধারণ করা নয়। এছাড়াও নাহিদ-সারজিসের তারেক রহমানের জন্যে অপেক্ষা করে দেখা করতে না পারা সম্পর্কিত দাবিটিও মিথ্যা। প্রকৃতপক্ষে, গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সেখানে পৌঁছানোর আগে তার জন্যে নাহিদ-সারজিসের অপেক্ষার মুহূর্তের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে সংবাদভিত্তিক ফেসবুক পেজ News Hunt-এর পেজে গত ১৫ ফেব্রুয়ারি একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, নাহিদ-সারজিস তারেক রহমানের জন্যে অপেক্ষা করছেন। তবে পোস্টটিতে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে গণমাধ্যমটিতে একই দিনে প্রচারিত অন্যান্য ভিডিওটি থেকে জানা যায়, সেদিন তারেক রহসান নাহিদ ইসলামের বাসায় যান। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।
পরবর্তীতে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল (১৫ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও ছিলেন। পাশাপাশি সেই মুহূর্তের এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য নির্বাচিত আখতার হোসেন এবং দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও নাহিদের সঙ্গে ছিলেন বলে প্রতিবেদন থেকে জানা যায়।
অর্থাৎ, নাহিদ ইসলামের নিজের বাসায় তারেক রহমানের আগমন উপলক্ষে তার ও সারজিসের অপেক্ষা মুহূর্তেরর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, তারেক রহমানের বাসার নিচে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পরও নাহিদ-সারজিসের তার সাথে দেখা করতে না পারার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- News Hunt Facebook Post
- Prothom Alo Website: নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
- Rumor Scanner’s Analysis


