স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর জামায়াত-শিবিরের হামলার ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, ‘সমাবেশের অনুমতি না দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীকে পিটালো জামায়াত-শিবিরের নেতাকর্মীরা’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রচার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী’র ওপর জামায়াত-শিবিরের নেতাকর্মী কর্তৃক হামলার কোনো ঘটনা ঘটেনি বরং ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপ সংযুক্ত করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। গত ২৫ অক্টোবর Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ২ মিনিট ১৫ সেকেন্ডের এই ভিডিওটি প্রচার করা হয়।

এতে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপ নিয়ে তৈরি একটি প্রতিবেদন ভিডিও। ভিডিওতে বলা হয়, “অবশেষে ২৮শে অক্টোবর সমাবেশের অনুমতি না পেয়ে কঠোর আন্দোলনের ডাক দিলো জামায়াত-শিবির। ইতিমধ্যেই জামায়াতের নেতাকর্মীরা সমাবেশ বাস্তবায়ন করতে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছে। আগামী দুয়েকদিনের মধ্যেই জামায়াতের কঠোর আন্দোলনের মধ্য দিয়েই সরকার পতন হবে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হুশিয়ার দিয়ে বলেন, সমাবেশে বাধা প্রদান করলে কঠোর হস্তে দমন করা হবে বলে ইঙ্গিত দেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা।”

অর্থাৎ, ভিডিওটি’র বিস্তারিত অংশে কোথাও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর হামলার বিষয়ে বলা হয়নি এবং কোনো ঝামেলার ভিডিও ক্লিপও দেখানো হয়নি বরং শুধুমাত্র ভিডিওটি’র শিরোনাম এবং থাম্বনেইলেই স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর হামলা সম্পর্কিত বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এছাড়া, ভিডিওটি’র ১ মিনিট ৫৬ সেকেন্ড অংশে এক ব্যক্তিকে লাঠি দিয়ে একটি গাড়িতে আঘাত করার একটি স্থিরচিত্র দেখানো হয়।

বিষয়টি যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নোয়াখালী’র আঞ্চলিক গণমাধ্যম হাতিয়া কণ্ঠ’র ওয়েবসাইটে ২০১৫ সালের ২০ এপ্রিল ‘খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা : ১০ জন আহত’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিটি’র অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, এই ছবিটি ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র গাড়িবহরে হামলার ঘটনার।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি’তে দেখানো এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।

পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো সূত্রে এখন পর্যন্ত জামায়াত-শিবির বা অন্যকোনো ব্যক্তি বা সংগঠন কর্তৃক সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর হামলার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, সমাবেশের অনুমতি না দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর জামায়াত-শিবিরের হামলার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

মূলত, গত ২৫ অক্টোবর Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ‘সমাবেশের অনুমতি না দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীকে পিটালো জামায়াত-শিবিরের নেতাকর্মীরা’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অধিক ভিউ পাবার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো সূত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর জামায়াত-শিবিরের হামলার সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, পূর্বেও চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে ভুল তথ্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, সমাবেশের অনুমতি না দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর জামায়াত-শিবিরের হামলার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: