গতকাল, ‘পুলিশের গুলিতে যমুনার সামনে আন্দোলনরত ৩ জন নিহত। আরো কমপক্ষে দশজনের অবস্থা আশঙ্কাজনক।’ শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ০৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের গুলিতে তিনজন নিহত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ০৬ ফেব্রুয়ারি পে স্কেলের দাবিতে সরকারি কর্মজীবী এবং হাদী হত্যার বিচারের দাবিতে অবস্থান করা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পৃথক দুই ঘটনায় বেশ কয়েকজন আহতের তথ্য পাওয়া গেলেও এসব ঘটনায় নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সময় টিভির ওয়েবসাইটে গতকাল (০৬ ফেব্রুয়ারি) “যমুনার সামনে পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, আহত ১৫ জন হাসপাতালে” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল (০৬ ফেব্রুয়ারি) সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়া সরকারি কর্মচারীদের সঙ্গে বেলা ১১ টার দিকে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ১৫ জনের আহত হয়েছিলেন।
উক্ত ঘটনায় মূলধারার গণমাধ্যমে আহতের তথ্য উঠে আসলেও নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, একই দিনে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের একাংশ যমুনার সামনে অবস্থান করলেও সেখানে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আরেকটি অংশ প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের জন্য রওনা দিলে তাদের সাথে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ ডাকসু নেত্রী জুমাসহ অনেকেই আহত হলেও কেউ নিহত হননি৷
পাশাপাশি, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টস পেজ থেকে দেওয়া একটি পোস্টেও তিনজন নিহতের দাবিটি মিথ্যা বলে জানানো হয়েছে।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য গতকাল (০৬ ফেব্রুয়ারি) সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া একাধিক গণমাধ্যমকর্মীর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার।
জাগোনিউজ২৪ এর নিজস্ব প্রতিবেদক কৌশিক রয় জানান, ‘নিহতের কোনো ঘটনা ঘটেনি। এটি মিথ্যা।’
প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি কবির হোসেন বলেন, ‘আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ নিহতের কোনো ঘটনা ঘটেনি। পরেও নিহতের খবর শুনিনি।’
সুতরাং, পুলিশের গুলিতে যমুনার সামনে আন্দোলনরত ৩ জন নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Somoy Tv- যমুনার সামনে পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, আহত ১৫ জন হাসপাতালে
- Manob Zamin- যমুনার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ আহত ১৫
- Ittefaq- পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার
- Jugantor- পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশত
- Prothom Alo- ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, পুলিশের লাঠিপেটা–সাউন্ড গ্রেনেড
- BBC- ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সরকার কী বলছে
- Kalbela- ইনকিলাব মঞ্চ-পুলিশ ব্যাপক সংঘর্ষ
- CA Press Wing Facts- Facebook Post
- Journalist’s Statement


