আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। উক্ত কর্মসূচিকে সামনে রেখে গত ৯ নভেম্বর মধ্যরাতে আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচির সমর্থনে আয়োজিত কোনো মশাল মিছিলের নয়। এ ধরনের মিছিল অনুষ্ঠিত হওয়ার তথ্য-প্রমাণও পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত মশাল প্রজ্বলন কর্মসূচির মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতেই আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, সামনের সারিতে থাকা এক ব্যক্তির টি-শার্টে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এবং ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ লেখা রয়েছে। এ সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে দেখতে পাওয়া ব্যক্তির পরিহিত টি-শার্টটি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে পরিহিত টি-শার্ট।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলের ফেসবুক পেজে গত ১৬ অক্টোবর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন আয়োজিত একটি মশাল মিছিলের ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনার মাধ্যমে উক্ত মিছিলের সামনেও আলোচিত ভিডিওটিতে দেখতে পাওয়া কালো রঙের হিজাব ও সবুজ জামা পরিহিত মেয়ে শিশুকে দেখতে পাওয়া যায়।

এছাড়াও আলোচিত ভিডিওতে মেয়ে শিশুর পাশে দেখতে পাওয়া কর্মসূচির টি-শার্ট পরিহিতি ব্যক্তিকে এবার মিছিলের ব্যানারের পেছনে অর্থাৎ, মিছিলের সামনের সারিতে দেখতে পাওয়া যায়। পাশাপাশি ভিডিওটির শিরোনাম এবং ভিডিওতে দেখতে পাওয়া ব্যানার থেকে জানা যায়, তিস্তা নদী রক্ষা আন্দোলনের উক্ত মশাল মিছিলটি গত ১৬ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জে অবস্থিত মাওলানা ভাসানী সেতু এলাকায় অনুষ্ঠিত হয়। সেদিন তিস্তা পাড়ে মশাল প্রজ্বলন কর্মসূচির অংশ হিসেবে উক্ত মিছিলটি আয়োজিত হয় বলেও পোস্টটির শিরোনাম থেকে জানা যায়।
এ বিষয়ে আরও অনুসন্ধানে একই মশাল মিছিলের একাধিক ভিডিও খুঁজে পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে। এসব ভিডিওতেও ওই মেয়ে শিশু ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের টি-শার্ট পরিহিত ওই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে দেখতে পাওয়া ওই ব্যক্তির নাম মাহমুদুল ইসলাম প্রামানিক। তিনি সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম একজন নেতা। পরবর্তীতে অনুসন্ধানে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যায়। কিন্তু তার ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও একই কর্মসূচির একাধিক ভিডিও পাওয়া গেলেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়নি। তবে সকল তথ্যপ্রমাণের ভিত্তিতে এটা নিশ্চিত হওয়া গিয়েছে যে, আলোচিত ভিডিওটি মূলত তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির গাইবান্ধার মশাল মিছিলের ভিডিও।
এছাড়া, ৯ নভেম্বর আওয়ামী লীগের এমন কোনো মশাল মিছিল অনুষ্ঠিত হওয়ার তথ্য-প্রমাণও কোনো বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দলটির সমর্থকদের গত ৯ নভেম্বর মশাল মিছিল করার দাবি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- BNP Media Cell Facebook Post
- BNP Sundorgonj Youtube Channel: মশাল প্রজ্বলন কর্মসূচির । Sundorgonj। Gaibandha
- Sokaler Barta – সকালের বার্তা Facebook Post
- Rumor Scanner’s Analysis


