গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যুর খবর আসে। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতভর দেশের বিভিন্ন স্থানে ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে “টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাজাকার বাহিনী হামলা করেছে। একটাও যেন ফেরত যেতে না পারে লাইভ দেখুন কমেন্টে” শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে হামলার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘protibadnews76.blogspot.com’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটটিতে “ব্রেকিং নিউজ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে হামলা” শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশকাল হিসেবে ১১:১৯ সময়ের উল্লেখ থাকলেও কোনো তারিখের উল্লেখ পাওয়া যায়নি।

কথিত এই সংবাদে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজের একটি ইউটিউব ভিডিওর থাম্বনেইল সংবলিত স্ক্রিনশট ফিচারে যুক্ত করে দাবি করা হয়, “গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, আজ একটি সংঘবদ্ধ দল সমাধি এলাকার ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অভিযুক্তদের একটি অংশের সঙ্গে জামায়াত ইসলামীর কর্মী বা সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসন বা আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি।”
উক্ত দাবির সূত্র ধরে অনুসন্ধানে ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি এ সংক্রান্ত কোনো ভিডিও কিংবা লাইভ খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে হামলার কোনো সংবাদ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।
সুতরাং, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে হামলার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- BBC News: ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ, রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া
- LIVE DBC NEWS: Youtube
- Rumor Scanners Analysis


