বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা দাবিতে মুসলিম পীরের মাজার ভাঙচুরের ভিডিও প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষুব্ধ জনতা কর্তৃক বাড়ি ভাঙচুরের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে– বাংলাদেশে ইসলামিক প্রজাতন্ত্রে সংখ্যালঘুদের অবস্থা এটি।
পোস্টগুলো শেয়ার করে অনেকেই এটি বাংলাদেশে মুসলিম কর্তৃক হিন্দুদের বাড়িঘর বা সাম্প্রদায়িক হামলা দাবিতে প্রচার করছেন।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এছাড়া, ভিডিওটি ভারতীয় একটি গণমাধ্যমে প্রচার হতে দেখা যায়। দেখুন– ওয়ান ইন্ডিয়া নিউজ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশে হিন্দুদের ওপর কোনো হামলার নয়। প্রকৃতপক্ষে, এটি গত ১১ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে স্থানীয় এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ভিডিও।
অনুসন্ধানে বার্তা২৪ এর ইউটিউব চ্যানেলে গত ১১ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

বার্তা ২৪ এর ক্যাপশন থেকে জানা যায়, কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে হত্যা, ভাঙচুর-আগুন দেওয়ার দৃশ্য এটি।
১১ এপ্রিলই বাংলা ভিশনের ফেসবুক পেজে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানেও আলোচিত ভিডিওটি রয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১১ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে স্থানীয় এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এলাকার বিক্ষুব্ধ জনতার হামলার আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হন।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানেও একই তথ্য উল্লেখ রয়েছে।
এছাড়া, বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলোতে (১, ২, ৩, ৪, ৫) প্রকাশিত সংবাদেও পীরের আস্তানায় হামলার ঘটনা দাবিতেই প্রচার করা হয়েছে এবং নিহত পীরের নাম আব্দুর রহমান ওরফে শামিম (৬০) বলা হয়েছে।
অতএব, যেহেতু এটি পীরের আস্তানায় হামলার দৃশ্য এবং উক্ত হামলার ঘটনায় আব্দুর রহমান ওরফে শামিম (৬০) পীর নিহত হয়েছেন। সেক্ষেত্রে সহজেই প্রতীয়মান হয় যে; এটি কোনোভাবেই সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলার ঘটনা নয়।
সুতরাং, কুষ্টিয়ায় পীরের আস্তানায় হামলার ভিডিওকে বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Barta 24- YouTube Video
- Bangla Vision- Report
- Prothom Alo- কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে ‘পীর’কে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন

