গত ২৩ এবং ২৪ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ০৪ মে সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। উক্ত নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করেছে বিজেপি।
ফলাফল ঘোষণার পর পশ্চিমবঙ্গের রেলস্টেশনগুলোতে প্রচণ্ড ভিড়। নির্বাচনের ফলাফল দেখার সঙ্গে সঙ্গেই অনুপ্রবেশকারীরা নিজেরাই বাংলা ছেড়ে বাংলাদেশে পালাতে শুরু করেছে (বাংলা অনূদিত) দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
একই ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে– পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই সব রোহিঙ্গা তাদের জিনিসপত্র গুছিয়ে বাংলাদেশে রওনা দিতে শুরু করেছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে বিজেপির জয়ের পর পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশে আসার দাবিতে প্রচারিত ভিডিওটি এমন কোনো ঘটনার নয়, এমনকি উক্ত ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গেরই নয়। বরং, বাংলাদেশে ধারণকৃত উক্ত ভিডিওটি গত বছরের নভেম্বর মাস অর্থাৎ, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার অন্তত ছয় মাস আগে থেকেই ইন্টারনেটে রয়েছে।
বিজেপির জয়ের পর এতো জনতা যদি একসাথে পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশে আসতো তাহলে গণমাধ্যমে তা ফলাও করে সংবাদ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন কিংবা পশ্চিমবঙ্গ ছেড়ে জনতার বাংলাদেশে আসার সপক্ষে ভারতীয় কিংবা বাংলাদেশের কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে অনুসন্ধানে ‘Launch Capture’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ০৫ মার্চ প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

তবে, ক্যাপশনে বিস্তারিত কিছু বলা হয়নি।
আরও অনুসন্ধানে একই পেজ থেকে গত বছরের ৩০ নভেম্বর প্রচারিত একটি এবং `Clickrpoint’ নামক একটি পেজ থেকে গত বছরের ১৬ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওগুলোর (১, ২) দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের সদৃশ রয়েছে।
উক্ত পোস্টগুলো থেকে জানা যায়, ভিডিওটি বাংলাদেশে চরমোনাই মাহফিল শেষে মুসুল্লিদের লঞ্চে উঠার দৃশ্য।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, গত বছরের ২৬ নভেম্বর থেকে তিনদিন অনুষ্ঠিত হয়েছিল বরিশালের বিখ্যাত চরমোনাই মাহফিল।
অন্যদিকে, গত ০৪ মে ভারতের বিধানসভার ফলাফল ঘোষণা করা হয়েছে। যেহেতু আলোচিত ভিডিওটি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার অন্তত ছয় মাস পূর্ব থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে, সেহেতু সহজেই প্রতীয়মান হয় যে; উক্ত ভিডিওটি আলোচিত দাবির সাথে সম্পৃক্ততা নেই।
সুতরাং, গত বছর বাংলাদেশের ভিন্ন ঘটনার ভিডিওকে সম্প্রতি ভারতের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ থেকে জনতার বাংলাদেশে আসার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Launch Capture- Facebook Post (1, 2)
- Clickrpoint- Facebook Post
- Somoy Tv- চরমোনাই মাহফিল শুরু
- Ananda Bazar- ৪৫ শতাংশের বেশি ভোট পেয়ে রাজ্যে ২০৭টি আসনে জয় পেল বিজেপি! ৮০টি আসনে জয়ী তৃণমূল, তাদের ভোটের হার কত


