ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচিতে প্রস্তাবিত তিন দাবি নিয়ে গুজব 

গত ১৮ জানুয়ারি থেকে তিনদফা দাবিতে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালন করে।

এরই প্রেক্ষিতে, ছাত্রদল যে তিনটি দাবিতে ইসি ঘেরাও করেছিল সেগুলো হলো– ১/ জাতীয় নির্বাচনের আগে আর কোনো ছাত্রসংসদ নির্বাচন নয়, ২/ দ্বৈত নাগরিকের কারণে বিএনপির যেসব এমপি প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের মনোনয়ন ফিরিয়ে দিতে হবে এবং ৩/ বিএনপির যেসব নেতাকর্মীদের নামে ঋণখেলাপীর অভিযোগ আছে এবং মনোনয়ন বাতিল হয়েছে, তাদেরও মনোনয়ন ফিরিয়ে দিতে হবে।- শীর্ষক দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, দ্বৈত নাগরিকের কারণে বাতিল এমপি প্রার্থীদের মনোনয়ন ফিরিয়ে দেওয়া এবং ঋণখেলাপির কারণে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে ছাত্রদল নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি করেনি বরং, ভিন্ন তিনটি দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘেরাও কর্মসূচি পালন করেছিল।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ প্রথম আলোর ওয়েবসাইটে গত ১৯ জানুয়ারি ‘দ্বিতীয় দিনের মতো ছাত্রদলের ইসি ঘেরাও, দাবি না মানলে প্রধান ফটক অবরোধ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৮ জানুয়ারি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তিনদফা দাবি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি করেছিল। তাদের তিনটি দাবি ছিলো– ১. পোস্টাল ব্যালট–সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। ২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। ৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে– দেশ রূপান্তর , বাংলানিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন সহ একাধিক গণমাধ্যম।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি দাবি পূরণে নির্বাচন কমিশনের (ইসি) আশ্বাস পাওয়ার কথা জানিয়ে ঘেরাও কর্মসূচি স্থগিত করে ছাত্রদল।

সুতরাং, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, দ্বৈত নাগরিকের কারণে বাতিল এমপি প্রার্থীদের মনোনয়ন ফিরিয়ে দেওয়া এবং ঋণখেলাপির কারণে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে ছাত্রদল নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: