এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম দিনের আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে একাধিক নিহতের গুজব

বৈরী আবহাওয়ায় গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে গতকাল (১৪ জুলাই) দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
এরই প্রেক্ষিতে, গতকালের আন্দোলনে বিএনপি, ছাত্রদল, পুলিশের হামলায় বিভিন্ন স্থানে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন শীর্ষক একাধিক দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

যেমন, ঢাকায় নয় জন নিহত (১, ২, ৩) এবং কোথাও দাবি করা হয়েছে সাত জন (১, ২) নিহত, রাজধানী সাইন্সল্যাবের সামনে দুই জন ছাত্রকে গুলি করে হত্যা (১, ২), বরিশালে পুলিশের গুলিতে আন্দোলনরত এক শিক্ষার্থী নিহত (১, ২), ছাত্রদলের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আন্দোলনরত শিক্ষার্থী নিহত (১, ২), ‘বিদায়, এইচএসসি শিক্ষার্থী ভাই ওপারে শান্তিতে থাকিস’ শীর্ষক ক্যাপশনে একজন ছাত্রের ছবি ব্যবহার করে একজন নিহতের দাবি করা হয়েছে (১, ২, ৩, ৪) এবং বিএনপি ছাত্রদল হামলায় একজন নিহতের দাবিও করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গতকাল (১৪ জুলাই) সারাদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের করা আন্দোলনে কোনো নিহতের ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিগুলো ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
গতকাল (১৪ জুলাই) রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, রংপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি-২৬ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবিতে আন্দোলন করেছে। আন্দোলনে কেউ নিহত হলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি আন্দোলনকারীদের পক্ষ থেকে রাত ১১ টা নাগাদ আন্দোলন স্থগিতের ঘোষণা করার সময় কিংবা আন্দোলন স্থগিতের পর থেকে এই প্রতিবেদন প্রকাশের আগ অবধি শিক্ষার্থীদের পক্ষ থেকেও নিহতের কোনো দাবি তোলা হয়নি।
এতেই প্রতীয়মান হয় যে, নিহতের দাবিগুলো ভিত্তিহীন।
উল্লেখ্য, গতকাল (১৪ জুলাই) আন্দোলনরত শিক্ষার্থীরা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে। এতে একাধিক শিক্ষার্থী আহত হলেও নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। উক্ত ঘটনায় একজন আহত শিক্ষার্থীর ছবি ‘বিদায়, এইচএসসি শিক্ষার্থী ভাই ওপারে শান্তিতে থাকিস’ শীর্ষক ক্যাপশনে ব্যবহার করে একজন নিহতের দাবিও করা হয়েছে। তবে, এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, মূল ছবিটি এআই দিয়ে সম্পাদনা হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
সুতরাং, গতকাল (১৪ জুলাই) শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি, ছাত্রদল কিংবা পুলিশের হামলায় বিভিন্ন স্থানে একাধিক ব্যক্তি নিহত হওয়ার দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis
- Ai Analysis

