বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত ভারতীয় সেনা মোতায়েনের দাবিতে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, বাংলাদেশের সীমান্তে ভারী সামরিক সরঞ্জামসহ ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটি একটি রেলক্রসিংয়ে ধারণ করা হয়েছে। যেখানে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কার বোঝাই একটি ট্রেনকে দেখতে পাওয়া যায়। দাবি করা হচ্ছে, ট্যাঙ্কার বোঝাই এই ট্রেনটি-ই সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন  এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ সীমান্তে ভারী সামরিক সরঞ্জামসহ ভারতীয় সেনাবাহিনী মোতায়েনের দাবিটি সঠিক নয় বরং, ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে ধারণ করা ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে শচীন কুমার নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২১ নভেম্বর প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে এটির মিল রয়েছে। তবে ভিডিওটিতে মুজাফফরনগর শীর্ষক লেখা দেখতে পাওয়া যায়।

পরবর্তী অনুসন্ধানে fitness_pawan2 ইউজারনেমের একটি ইন্সটাগ্রাম আইডিতে গত ১৫ নভেম্বর Hathiyar se lod train শীর্ষক শিরোনামে প্রচারিত আলোচিত ভিডিওটির একটি স্পষ্ট সংস্করণ খুঁজে পাওয়া যায়।

তবে উক্ত ভিডিওটির শেষাংশে রেল ক্রসিংয়ের অপরপাশে একটি সাইনবোর্ড দেখতে পাওয়া যায়। সাইনবোর্ডটির লেখা অনুবাদের মাধ্যমে জানা যায়, এতে ‘মা কা আর্শীবাদ কালেকশন’ লেখা রয়েছে; যার বাংলায় অর্থ ‘মায়ের আর্শীবাদ কালেকশন’।

পরবর্তীতে ‘মুজাফফরনগর’ এবং ‘মা কা আর্শীবাদ কালেকশন’ তথ্য দুটির সূত্রে Justdial নামের ওয়েবসাইট থেকে মুজাফফরনগরের ডাল চাঁন্দ মার্কেটের সন্নিকটে এই নামের একটি দোকান আছে বলে জানা যায়।

এছাড়া, গুগল ম্যাপে দেখা যায়, উত্তর প্রদেশের মুজাফফরনগরের গান্ধী কলোনীতে এই নামের দোকানটি রয়েছে। পাশাপাশি গুগল ম্যাপের সহায়তায় দেখা যায় যে, ‘মা কা আর্শীবাদ কালেকশন’ নামের ওই দোকানটি থেকে প্রায় ৬০০ মিটারের দূরত্বে একটি রেলক্রসিং রয়েছে।

এটির স্ট্রিট ভিউ পর্যালোচনা করে লক্ষ্য করা যায়, উক্ত রেলক্রসিংয়ের পাশে থাকা ঘর, সাদা-কালো রঙের হাইট-বার বা গেট, বৈদ্যুতিক খুটি, সিগন্যাল পোস্ট এবং বিজ্ঞাপনের বিল বোর্ডের মিল রয়েছে। তবে স্ট্রিট ভিউটি ২০২৩ সালের জুলাই মাসে ধারণ করায় ছবিতে থাকা বিলবোর্ডে ভিন্ন বিজ্ঞাপন দেখতে পাওয়া যাচ্ছে।

পরবর্তীতে ভিডিওটির ট্রেনটির যাত্রা পথ বিশ্লেষণ করে দেখা যায়, ভিডিওটিতে ট্রেনটি ডান দিক থেকে বা দিকে যাচ্ছে। উক্ত অঞ্চলের মানচিত্র পর্যালোচনা করে দেখা যায়, এ হিসেবে ট্রেনটি মধ্যভারত থেকে উত্তর দিকে যাচ্ছে এবং যার পরবর্তীতে সম্ভাব্য বিরতি উত্তর প্রদেশের আরেকটি জেলা সাহারানপুর। যেটি উত্তরাখণ্ড ও হরিয়ানার মাঝামাঝি অবস্থিত। এছাড়াও ভারতের মানচিত্র পর্যালোচনা করে দেখা যায়, দেশটির উত্তর দিকে বাংলাদেশের সাথে সীমান্ত নেই। বরং, চীন এবং পাকিস্তানের সীমান্ত রয়েছে।

এছাড়াও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশীয় কিংবা ভারতীয় কোনো গণমাধ্যমে বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত ভারতীয় সেনা মোতায়েন করার বিষয়ে কোনো তথ্য খুজে পাওয়া যায়নি।

সুতরাং, বাংলাদেশ সীমান্তে ভারী সামরিক সরঞ্জামসহ ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: