পোস্টাল ভোট গণনার আগেই ধানের শীষের পক্ষে বেশি ভোট এসেছে দাবিতে গুজব

আজ (০৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টা পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ১ হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। এরই প্রেক্ষিতে, ‘প্রবাসীদের পোষ্টাল ব্যালট ভোটে ৭৫% ভোট পেয়ে ধানের শীষ জয়ী’ শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষ তথা বিএনপির পক্ষে ৭৫% ভোট পড়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, পোস্টাল ব্যালটের ভোট এখনও গণনাই হয়নি। এটি ১২ ফেব্রুয়ারি একসাথেই গণনা হবে বলে নির্বাচনের কমিশনের পক্ষ থেকে রিউমর স্ক্যানারকে জানানো হয়েছিল।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে পোস্টাল ভোট গণনার হয়েছে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, নয়া দিগন্তের ওয়েবসাইটে গতকাল (০৫ জানুয়ারি) “নির্বাচনের দিন নিয়মিত ভোট গণনার সময় পোস্টাল ব্যালট গণনা করা হবে : ইসি” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল (০৫ জানুয়ারি) ইসির এক বার্তায় প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন নিয়মিত ভোট গণনার সময় একই সাথে পোস্টাল ব্যালট পেপার গণনা করা হবে।
এছাড়া, নির্বাচন কমিশনের এক পরিপত্র থেকে জানা যায়, ২১ জানুয়ারির পর থেকে পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানো শুরু হয়েছে। পোস্টাল ব্যালট সংরক্ষণের জন্য ব্যালট বাক্স প্রস্তুত রাখা হচ্ছে। ভোট গ্রহণের দিন অর্থাৎ আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ডাকযোগে আসা পোস্টাল ব্যালট গণনার অন্তর্ভুক্ত হবে। গণনা কার্যক্রম ভোটগ্রহণের দিনই সম্পন্ন হবে৷

পাশাপাশি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ নামে ওয়েবসাইট চালু রেখেছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত ওয়েবসাইটে নিবন্ধনের সংখ্যা, ভোটপ্রদান এবং দেশে ব্যালট পাঠানো সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। তবে, ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে ভোট গণনার কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে পোস্টাল ব্যালট ভোট গণনা সংক্রান্ত একটি গুজব ছড়িয়ে পড়লে সেসময় পোস্টাল ব্যালট ভোট কবে গণনা হবে সেবিষয়ে জানতে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সাথে যোগাযোগ করেছিল রিউমর স্ক্যানার। তখন তিনি জানিয়েছিলেন, পোস্টাল ব্যালটের গণনা ১২ ফেব্রুয়ারিতে স্ব স্ব কেন্দ্রেই হবে।
সুতরাং, পোস্টাল ব্যালট এখনও গণনা না হলেও বিএনপির পক্ষে বেশি ৭৫% ভোট পড়েছে বলে যে দাবি করা হচ্ছে; এটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Daily Naya Diganta- নির্বাচনের দিন নিয়মিত ভোট গণনার সময় পোস্টাল ব্যালট গণনা করা হবে : ইসি
- Election Commission Circular
- Postal Vote BD- Website
- EC’s Public Relations Wing Director Statement

