চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ নিয়ে এআই-তৈরি ছবি ব্যবহার করে অপপ্রচার

ফেসবুকে ‘Hitesh Madan‘ নামের একটি বিদেশি ফেসবুক পেজ থেকে তিনটি ছবি যুক্ত করে “”আপনারা বাংলাদেশের পরিবারগুলোকে ঠকাচ্ছেন!” — চ্যানেল আইয়ের অনুষ্ঠান শেষ হলো কেলেঙ্কারিতে: বিএনপি নেতা রাগে স্টুডিো ছেড়ে বেরিয়ে গেলেন।” ক্যাপশনে একটি পোস্ট প্রচার করা হচ্ছে। এই পোস্টের স্ক্রিনশট ব্যবহার করে Md Moniruzzaman Mahadud নামের আরেকটি প্রোফাইল থেকে দাবি করা হচ্ছে, “জিল্লুর রহমানের উপস্থাপনায় গতকালের “তৃতীয় মাত্রা” পর্বটি ইতিহাসের সবচেয়ে নাটকীয় পর্ব হিসেবে মনে রাখা হবে। এক পাশে: মুহাম্মদ আজিজ খান, একজন ব্যবসায়ী যিনি সরাসরি কথা বলার জন্য পরিচিত। অন্য পাশে: আমীর খসরু মাহমুদ চৌধুরী, রাজনীতিবিদ ও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতা।”

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা অনুষ্ঠানে গতকাল বা সাম্প্রতিক সময়ে মুহাম্মদ আজিজ খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী অতিথি হিসেবে আসেননি। প্রকৃতপক্ষে, এআই জেনারেটেড ছবি ব্যবহার করে একটি অজ্ঞাত সাইটের লিংক যুক্ত করে মেটা এডের মাধ্যমে ভুয়া দাবিটি ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার ফেসবুক পেজ পর্যালোচনা করে সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান কিংবা অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অনুষ্ঠানটির সর্বশেষ পর্ব বা সাম্প্রতিক সময়ের কোনো পর্বেই অতিথি হিসেবে দেখা যায়নি। ০২ জুলাই মধ্যরাতে প্রচারিত অনুষ্ঠানটির সর্বশেষ পর্বে অতিথি ছিলেন ব্যবসায়ী, রাজনীতিক ও বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডস্ট্রিজ-এর ভাইস প্রেসিডেন্ট আরফাতুর রহমান আপেল এবং বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতির পরিচালক সৈয়দ নাসির। এর আগের পর্বে ছিলেন বিএনপি নেতা ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক এবং তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমানও রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন, গত রাতের বা সাম্প্রতিক সময়ের কোনো পর্বেই আলোচিত দুই ব্যক্তি এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেননি।

পরবর্তী অনুসন্ধানে ছবিগুলো যাচাই করে দেখা যায়, ছবিগুলো একাধিক এআই মডেল ব্যবহার করে তৈরি করা হয়েছে। এসব ছবি তৈরিতে গুগলে জেমিনি এবং ভিইও-থ্রি মডেলকে কাজে লাগানো হয়েছে।

ভুয়া দাবিটি প্রচারের সূত্রপাত যে পেজ থেকে, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ইউক্রেন এবং ভিয়েতনাম থেকে পরিচালিত সেই Hitesh Madan নামের পেজটির আলোচিত পোস্টটিতে এই প্রতিবেদন লেখার সময় মেটার এড চলছিল এবং একই পোস্টে coherentmessage নামের অজ্ঞাত একটি সাইটের লিংকও যুক্ত ছিল। সাইটটির ডোমেইন রেজিষ্ট্রেশন হয়েছে সপ্তাহখানেক আগে, গত ২৪ জুন। পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে এই ডোমেন বা ওয়েবসাইটটিতে কোনো সক্রিয় বা পাবলিক কন্টেন্ট নেই। সহজ কথায়, এটি একটি পার্কড ডোমেন। অর্থাৎ, কেউ এই ওয়েবসাইটের নামটি কিনে রেখেছেন, কিন্তু এখনও কোনো ওয়েবসাইট তৈরি করেননি বা এটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়।

সুতরাং, চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ নিয়ে এআই-তৈরি ছবি ব্যবহার করে যে দাবি প্রচার করা হয়েছে; তা মিথ্যা।

তথ্যসূত্র

  • AI Detection Tool
  • Rumor Scanner’ Analysis
Share: