জামায়াতে ইসলামীর বিরুদ্ধে জুলকারনাইন সায়েরের নামে ভুয়া মন্তব্য প্রচার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় ভোটারদের নানা ধরনের প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পাওয়া যায়। এর প্রেক্ষিতে সম্প্রতি, প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে ‘জামায়াত ইসলামী এখন থেকে যেভাবে ভোট চুরি করা শুরু করে দিয়েছে, আমার মনেহয় স্বৈরাচার সেখ হাসিনাকে ও ওরা ছাড়িয়ে যাবে। এখন থেকে নির্বাচন কমিশনার যদি এদের লাগাম টেনে না ধরে ভবিষ্যতে জামায়াত ইসলাম বড় স্বৈরাচার হয়ে উঠবে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত একই পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীনভাবে জুলকারনাইন সায়েরের নামে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। প্রচারিত ফটোকার্ডগুলোতে সায়েরে নামে দাবিটি করা হলেও তিনি কোথায় এমন মন্তব্য করেছেন সেটি উল্লেখ করা হয়নি।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রেও তার এমন মন্তব্য করার সত্যতা মেলেনি।

যেহেতু জুলকারনাইন সায়ের তার ফেসবুক অ্যাকাউন্টে সর্বদা সক্রিয় থাকেন এবং চলমান ইস্যুগুলোতে নিজের মতামত প্রকাশ করেন তাই তিনি এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা নিশ্চিত হতে তার ফেসবুক অ্যাকাউন্টটিও পর্যালোচনা করে দেখা হয়। কিন্তু তার ফেসবুক অ্যাকাউন্টেও আলোচিত দাবিটির সাথে সম্পর্কিত কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, সাংবাদিক জুলকারনাইন সায়েরের নামে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে।

সুতরাং, প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন দাবিতে তার নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: