সম্প্রতি, “আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের জল্পনা-কল্পনার শেষে অতি শীগ্রই দেশে ফিরতেছে শেখ হাসিনা অনেকদিন পর সরাসরি বৈঠক করলেন শেখ হাসিনা ইনশাল্লাহ” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে।
অনুরূপ দাবিতে থ্রেডসে প্রচারিত ভিডিও দেখুন: এখানে।
এছাড়া, আলোচিত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি শেখ হাসিনার সাম্প্রতিক কোনো বৈঠকের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ইউরোপীয় কাউন্সিলের তৎকালীন সভাপতি হারমান ভান রমপুইয়ের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Herman Van Rompuy’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১০ সালের ২৫ নভেম্বর প্রকাশিত একই ভিডিওর দীর্ঘ সংস্করণ খুঁজে পাওয়া যায়। পর্যবেক্ষণে দেখা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি মূলত এই পুরোনো ভিডিওরই খণ্ডিত অংশ।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ইউরোপীয় কাউন্সিলের তৎকালীন সভাপতি হারমান ভান রমপুই ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বৈঠকের দৃশ্য।
পাশাপাশি, একই বিষয়ে ডেইলি স্টারে ২০১০ সালের ২১ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই সময়ে শেখ হাসিনা রাশিয়া, বেলজিয়াম ও জাপান সফরে ছিলেন এবং ২৫ নভেম্বর ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের তৎকালীন সভাপতি হারমান ভান রমপুই ও ইউরোপীয় কমিশনের সভাপতি জোসে ম্যানুয়েল বারোসোর সঙ্গে বৈঠক করেন।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার কোনো বৈঠকের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
উল্লেখ্য, একই ভিডিও গত বছরের ০২ মার্চ, ভারতে অবস্থানকালে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন দাবিতে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। সেসময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, ২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ইউরোপীয় কাউন্সিলের তৎকালীন সভাপতি হারমান ভান রমপুইয়ের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার বৈঠকের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Herman Van Rompuy: With Prime Minister of Bangladesh, Sheikh Hasina
- Daily Star: PM begins 3-nation visit today
- Rumor Scanner’s Previous Fact-check


