জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে ঢাবি শিক্ষক মোনামীর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামী) উদ্ধৃত করে ও তার ছবি যুক্ত করে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হয় তিনি বলেছেন, ‘জবির ‘জগন্নাথ’ নামটি ভারতীয়। হিন্দু দেবতার নাম। হাদির বাংলাদেশে এখনো ভারতীয় আধিপত্যবাদের বীজ রয়েই গেছে। এখনই সময় সংস্কার করে ‘শহীদ ওসমান হাদি বিশ্ববিদ্যালয়’ নাম করার।’

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবির টিকটক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শরিফ ওসমান হাদির নামে নামকরণ করা সংক্রান্ত কোনো মন্তব্য শেহরীন আমিন ভূঁইয়া করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এমনকি শেহরীন আমিন ভূঁইয়া ফেসবুক অ্যাকাউন্টেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, প্রচারিত পোস্টগুলোতে সংযুক্ত ফটোকার্ডে মূলধারার গণমাধ্যম ‘সময় টিভি’র লোগোর আদলে তৈরি ‘গরম টিভি’ নামের একটি লোগো দেখা যায়।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে গত ১০ জানুয়ারি ‘Gorom Tv’ নামক একটি ফেসবুক পেজ থেকে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ডিজিটাল ব্যানারের সাথে আলোচিত ব্যানারটির মিল রয়েছে।

‘গরম টিভি’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘পেজের সমস্ত খবর ব্যঙ্গ ও বিনোদনের জন্য তৈরি। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পাশাপাশি, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) গত ১১ জানুয়ারি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আলোচিত ডিজিটাল ব্যানারটি যুক্ত করে দেওয়া একটি পোস্ট বলেন, ‘আমি এমন কোনো কথা বলিনি এবং আমার সুনাম ক্ষুণ্ন ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করার উদ্দেশ্যে বারবার যে অপচেষ্টা চালানো হচ্ছে, তার আমি তীব্র নিন্দা জানাই।’
সুতরাং, ঢাবি শিক্ষক মোনামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি বিশ্ববিদ্যালয় করতে বলেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Gorom TV – Facebook Post
- Gorom TV – Facebook Page
- Shehreen Amin Bhuiyan- Facebook Post

