সম্প্রতি ‘৫ আগষ্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচূত্যু না হলে, দেশের মানুষ কখনোই বুঝতে পারতো না “শেখ হাসিনা সরকার কতটা গুরুত্বপূর্ণ এদেশের জনগণের জন্য! দেশ এবং দেশে বাইরে সব খানেই এখন শেখ হাসিনা সরকারের কথা বলছে!! দেশের সাধারণ মানুষ শেখ হাসিনার জন্য পাগল। আমি বলবো, আওয়ামী লীগের প’ত’ন নয়” বরং জনপ্রিয়তা বেড়েছে!!’ শীর্ষক শিরোনামে প্রবাসী সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৪ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাংবাদিক খালেদ মুহিউদ্দীন বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে আলোচিত মন্তব্যটি করেননি। বরং, কোনো প্রকার তথ্যসূত্র উল্লেখ না করে খালেদ মুহিউদ্দীনকে উদ্ধৃত করে ও তার ছবি যুক্ত করে আলোচিত তথ্যটি প্রচার করা হয়েছে।
খালেদ মুহিউদ্দীন এমন মন্তব্য করলে তা নিয়ে আলোচনা-সমালোচনা হতো এবং সংবাদ আকারেও প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো মন্তব্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
এছাড়া, খালেদ মুহিউদ্দীনের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
প্রচারিত দাবির বিষয়ে জানতে খালেদ মুহিউদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি এমন কোনো মন্তব্য করেননি বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
সুতরাং, খালেদ মুহিউদ্দীনকে উদ্ধৃত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জড়িয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Khaled Muhiuddin – Facebook Profile


