ভারতের বিহারে সড়ক দুর্ঘটনায় ডা. প্রাণ গোপাল দত্তের মৃত্যুর দাবিটি ভুয়া

সম্প্রতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ভারতের বিহারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইমস অফ চান্দিনার লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে প্রচারিত ফেসবুকের টেক্সট পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. প্রাণ গোপাল দত্তের ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে একটি গণমাধ্যমে প্রকাশিত ফটোকার্ড বিভ্রান্তিকরভাবে ছড়িয়ে পড়ে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে তার মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানে Times of Chandina নামের কুমিল্লার স্থানীয় গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত মূল ফটোকার্ডটির সন্ধান পাওয়া যায়। ফটোকার্ড পোস্টটির মন্তব্যের ঘরে একটি মন্তব্যের মাধ্যমে গণমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, “ভারতের বিহারে সড়ক দুর্ঘটনায় প্রান গোপাল দত্তের মৃত্যু” বিভিন্ন পেইজ ও একাদিক আইডি থেকে ছড়ানো হচ্ছে এমন গুজব। প্রান গোপাল দত্তের বিশ্বস্ত সূত্র জানান তিনি ভারতের ত্রিপুরায় আছেন এবং সেখানের একটি হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকেন তার সড়ক দুর্ঘটনার ঘটনাটি সম্পূর্ণ ভুয়া।”

অর্থাৎ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে প্রচারিত এই ফটোকার্ডটি-ই শিরোনামে গুজবের বিষয়টি উল্লেখ না থাকায় পরবর্তীতে একই দাবিতে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে ডা. প্রাণ গোপাল দত্তের ফেসবুক অ্যাকাউন্টে তার সুস্থতার কথা নিশ্চিত করে প্রচারিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টটিতে সামাজিক মাধ্যমে তার মৃত্যু নিয়ে প্রচারিত তথ্যটিতে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান তিনি।

ফটোকার্ডটিতে দেখতে পাওয়া সড়ক দুর্ঘটনার ছবিটির বিষয়ে অনুসন্ধানে জানা যায়, এটি ২০২২ সালে কোলকাতার নিউটাউন এলাকায় হওয়া একটি সড়ক দুর্ঘটনার ছবি। যার সাথে আলোচিত দাবির কোনো সংশ্লিষ্টতা নেই।

সুতরাং, ভারতের বিহারে সড়ক দুর্ঘটনায় ডা. প্রাণ গোপাল দত্তের নিহত হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: