সম্প্রতি, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংসদে বাচ্চা বাচ্চা পোলাপানের কথা শুনে হাসি পায়। এরা কি দেশ চালাবে এরা তো ঠিক মতো কথাই বলতে পারে না।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্য করেননি মির্জা ফখরুল। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। মির্জা ফখরুলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘গুপ্ত টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ৩০ মার্চ আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়।
‘গুপ্ত টেলিভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের ধরনে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, মির্জা ফখরুল ‘সংসদে বাচ্চা বাচ্চা পোলাপানের কথা শুনে হাসি পায়’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- গুপ্ত টেলিভিশন – Facebook Post
- Rumor Scanner Analysis


