বিএনপি খাই খাই করতে করতে জামায়াত সরকার গঠন করবে শীর্ষক মন্তব্য করেননি ব্যারিস্টার ফুয়াদ, ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ছবি সংযুক্ত করে ‘বিএনপি খাই খাই করতে করতে জামায়াত সরকার গঠন করে বসে থাকবে’ ক্যাপশনে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

অর্থাৎ, দাবি প্রচার করা হয়েছে, ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, ‘বিএনপি খাই খাই করতে করতে জামায়াত সরকার গঠন করে বসে থাকবে’।

উল্লেখ্য, কিছু পোস্টে আলোচিত ফটোকার্ড সংযুক্তির বদলে টেক্সট আকারে আমার দেশের সূত্রে ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য দাবিতে আলোচিত দাবি প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিএনপি খাই খাই করতে করতে জামায়াত সরকার গঠন করে বসে থাকবে’ শীর্ষক মন্তব্য করেননি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ২৫ অক্টোবর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের গাঢ়ত্ব, লাইন স্পেসে খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের উক্ত মন্তব্য সম্বলিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷ প্রকৃতপক্ষে ব্যারিস্টার ফুয়াদ এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা উপরোল্লিখিত অন্তত যেকোনো একটি সূত্রে পাওয়া যেত।

সুতরাং, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ “বিএনপি খাই খাই করতে করতে জামায়াত সরকার গঠন করে বসে থাকবে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: