ডা. শফিকুর গানম্যানসহ মহিলা দেহরক্ষী পাওয়ার ভুয়া দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে জড়িয়ে ‘’গানম্যান সহ মহিলা দেহরক্ষী পেলেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান” শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

আলোচিত ফটোকার্ড সংবলিত পোস্টটিতে এককভাবে ৬ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত আমীর ডা. শফিকুর রহমানকে জড়িয়ে আমার দেশ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ডিজাইনের আদলে আলোচিত ফটোকার্ড তৈরি করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে জাতীয় দৈনিক আমার দেশ এর লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ১৫ জানুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ১৫ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ফটোকার্ডটি আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে তৈরি ভুয়া ফটোকার্ড।

তবে, এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘প্রথম আলো’ এর ওয়েবসাইটে গত ১৩ জানুয়ারি “অস্ত্রধারী দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায়,‘জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে তাঁর বাসভবনের নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁর ব্যক্তি নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে গানম্যান নিয়োজিত করা ও বাসভবনে নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ নিয়োজিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

ডা. শফিকুরের পেছনে যে নারীকে দেখা যাচ্ছে, তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

সুতরাং, “গানম্যান সহ মহিলা দেহরক্ষী পেলেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান”, শীর্ষক দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: