রাজশাহী-৩ আসনে আবরারুল হক আসিফকে মনোনয়ন দেয়নি জামায়াত, যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘যুবকদের আকৃষ্ট করতে জনপ্রিয় ইসলামিক স্কলার আবরারুল হক আসিফকে রাজশাহী-৩ আসন থেকে মনোনয়ন দিলো জামায়াত’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। ফটোকার্ডটি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ্‌, সুম্মা আলহামদুলিল্লাহ্‌— আসিফ হুজুরের মতো স্মার্ট মানুষ সংসদে যাবে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘যুবকদের আকৃষ্ট করতে জনপ্রিয় ইসলামিক স্কলার আবরারুল হক আসিফকে রাজশাহী-৩ আসন থেকে মনোনয়ন দিলো জামায়াত’ শিরোনামে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এছাড়া, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি বক্তা আবরারুল হক আসিফকে রাজশাহী-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনয়ন দেয়নি বরং, উক্ত আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো ও তারিখ হিসেবে ১২ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।

উল্লেখিত তথ্যের সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট, ফন্টের গাঢ়ত্ব, লাইন স্পেসে পার্থক্য লক্ষ্য করা যায়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি বক্তা আবরারুল হক আসিফকে রাজশাহী-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনয়ন দেওয়ার দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

বরং অনুসন্ধানে একাধিক মূলধারার গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মহানগর জামায়াতের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ। অধ্যাপক আবুল কালাম দীর্ঘ দিন ধরে পবা উপজেলার হরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সাম্প্রতিক সময়ে তার নির্বাচনী এলাকায় ভোট চেয়ে নানা কর্মসূচিও করেছেন।

সুতরাং, ‘যুবকদের আকৃষ্ট করতে জনপ্রিয় ইসলামিক স্কলার আবরারুল হক আসিফকে রাজশাহী-৩ আসন থেকে মনোনয়ন দিলো জামায়াত’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: