সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের বক্তব্য ও ছবি সংযুক্ত একটি ফটোকার্ড প্রচারিত হয়েছে। ফটোকার্ডে দাবি করা হয় আখতার হোসেন বলেছেন, তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আওয়ামী লীগের সাথে শত্রুতা করা এবং নাহিদ হাসনাত তাদের বিপদে ফেলেছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রাচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আমার জীবনের বড় ভুল ছিল আওয়ামী লীগের সাথে শত্রুতা করা। নাহিদ, হাসনাত আমাদের বিপদে ফেলেছে: আখতার হোসেন” শীর্ষক তথ্যে বা শিরোনামে একাত্তর টেলিভিশন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে মূলধারার গণমাধ্যম একাত্তর টিভির লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ২০ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে একাত্তর টেলিভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া একাত্তরের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ২০ ডিসেম্বর একাত্তর টেলিভিশনের ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে এই ফটোকার্ডটিতে “জুলাই পক্ষের কারও দিকে আওয়ামী লীগ নজর দিলে লাখো মানুষ প্রতিহত করবে” শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, একাত্তর টেলিভিশনের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
Banglakhabor24.com নামের আরও একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত ফটোকার্ড থেকে জানা যায়, আখতার হোসেন বলেছেন, “জুলাই পক্ষের কারও দিকে আওয়ামী লীগ নজর দিলে লাখো মানুষ প্রতিহত করবে।”
এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমে আলোচিত দাবিটি সমর্থন করে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, আখতার হোসেন বলেছন, “আমার জীবনের বড় ভুল ছিল আওয়ামী লীগের সাথে শত্রুতা করা। নাহিদ, হাসনাত আমাদের বিপদে ফেলেছে” এমন বক্তব্য যুক্ত একাত্তর টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।


