কবি নজরুলের পাশে কীভাবে জায়গা পায় হাদি শীর্ষক মন্তব্য করেননি ছাত্রদল নেতা মায়েদ

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। গত ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। এরই প্রেক্ষিতে, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে কিভাবে জায়গা পায় হাদি’ শীর্ষক মন্তব্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদের দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে কিভাবে জায়গা পায় হাদি’ শীর্ষক কোনো মন্তব্য তানভীর আল হাদী মায়েদ করেননি বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে প্রচারিত দাবির সপক্ষে কোনো সূত্রের উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, তানভীর আল হাদী মায়েদের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করেও তার আলোচিত বক্তব্যটি দেওয়ার প্রমাণ মেলেনি।

তবে, ওসমান হাদির মৃত্যুর পর মোয়েদ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৯ ডিসেম্বর একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হাদী ভাইকে কবুল করুন।’

এরপর, বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য তানভীর আল হাদী মায়েদের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। মায়েদ বলছেন, ‘এমন কিছুই আমি বলিনি।’

সুতরাং, তানভীর আল হাদী মায়েদ ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে কিভাবে জায়গা পায় হাদি’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: