চাঁদা না দেওয়ায় কথিত বিএনপি কর্মীর নারী বিক্রেতাকে হেনস্তার দাবিতে স্ক্রিপ্টেড ভিডিও প্রচার

সম্প্রতি, চাঁদা না দেওয়ায় কথিত এক বিএনপি কর্মী একজন নারী ডাব বিক্রেতাকে হেনস্তা করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চাঁদা না দেওয়ায় নারী ডাব বিক্রেতাকে কথিত বিএনপি কর্মীর হেনস্তার দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, স্ক্রিপ্টেড বা অভিনীত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ভিডিওটির ঘটনার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘স্বাগতার ছোঁয়া’ নামের একটি ফেসবুক পেজে গত বছরের ১৫ ডিসেম্বর আলোচিত ভিডিওটির একটি বর্ধিত সংস্করণ প্রচারিত হতে দেখা যায়। তবে ভিডিওটির শিরোনামে চাঁদা চাইতে যাওয়া ওই ব্যক্তিকে বিএনপির নেতা হিসেবে উল্লেখ করতে দেখা যায়নি। এমনকি ভিডিওটির কোথাও তাকে বিএনপির কোনো নেতাকর্মী হিসেবে দাবি করতে শোনা যায়নি।

উক্ত ভিডিওটি প্রচারকারী পেজটি পর্যালোচনা করে আলোচিত ভিডিওতে দেখতে পাওয়া নারী ও পুরুষের একাধিক ভিডিওর সন্ধান পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে। ভিডিওগুলোতে তাদেরকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পাওয়া যায়। যার মাঝে কয়েকটিতে তাদেরকে স্বামী-স্ত্রী হিসেবেও দেখতে পাওয়া যায়। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, এর কোনোটিই সত্য ঘটনা নয় বরং সবগুলোই স্ক্রিপ্টেড ভিডিও।

পরবর্তীতে পেজটির বায়ো পর্যবেক্ষণার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, এটি একটি বিনোদনধর্মী পেজ। পেজটিতে প্রচারিত ভিডিওগুলো পর্যবেক্ষণ করলেও বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায়।

সুতরাং, স্ক্রিপ্টেড ভিডিওকে চাঁদা না দেওয়ায় নারী ডাব বিক্রেতাকে কথিত বিএনপি কর্মীর হেনস্তার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • স্বাগতার ছোঁয়া Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: