ফ্যামিলি কার্ড চাওয়ায় বৃদ্ধকে ছাত্রদলের মারধর দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, ফ্যামিলি কার্ড চাওয়ায় এক বৃদ্ধকে রূপগঞ্জ ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ফ্যামিলি কার্ড চাওয়ায় কোনো বৃদ্ধের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ফরিদপুরের ভাঙ্গায় মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে মারধর ও গণধোলাইয়ের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘TV 24’ নামক ফেসবুক পেজে গত ৬ জুন ‘#মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিল গ্রামবাসী তাদের একটাই কথা মাদক থাকতে পারবে না’ শিরোনামে একই ভিডিওর একটি বর্ধিত সংস্করণ প্রচারিত হতে দেখা যায়।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে গত ৯ জুন একই ঘটনার ছবি সংলিত একটি প্রতিবেদন প্রকাশিত হতে দেখা যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার অন্তত তিনটি এলাকায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে ‘মব সৃষ্টি করে’ বাড়িঘর ভাঙচুর ও বেধড়ক পিটুনি দিয়ে এলাকাছাড়া করার অভিযোগ উঠেছে। গত ৫ জুন সকাল থেকে রাত পর্যন্ত ভাঙ্গা পৌর সদরের চণ্ডীদাসদী মহল্লা, হামিরদী ইউনিয়নের হামিরদী গ্রাম ও পাশের মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে এসব ঘটনা ঘটে।

সুতরাং, ফরিদপুরের ভাঙ্গায় মাদক ব্যবসার অভিযোগে ব্যক্তিকে মারধরের ঘটনার ভিডিওকে ফ্যামিলি কার্ড চাওয়ায় বৃদ্ধের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: