ইনকিলাব মঞ্চের জাবের আহতের ঘটনায় শাহবাগে বিক্ষোভ দাবিতে জামায়াতের সমাবেশের ভিডিও প্রচার

গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ অনেকে আহত হন। আবদুল্লাহ আল জাবেরের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগে ইনকিলাব মঞ্চ বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি জাবেরের আহত হওয়ার ঘটনায় শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ সমাবেশ করার নয়। প্রকৃতপক্ষে, কুমিল্লা নগরীর টাউন হল মাঠে জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জাবেরের আহত হওয়ার ঘটনায় শাহবাগে সংঘটিত বিক্ষোভের একাধিক ভিডিও পর্যালোচনা করেও আলোচিত ভিডিওটির পরিবেশের সাথে ভিডিওগুলোর পরিবেশের মিল পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম ‘Mtv Bangla – এম টিভি বাংলা’-এর ফেসবুক পেজে গত ৩১ জানুয়ারি প্রচারিত জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী সমাবেশের ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওতে দেখতে পাওয়া জনসমাবেশের ফুটেজ এবং পারিপাশ্বিক অবস্থার সাথে প্রাপ্ত ভিডিওর জনসমাবেশের মিল রয়েছে। এছাড়াও সমাবেশের পেছনের দিকে দেখতে পাওয়া ভবনগুলোরও সাদৃশ্য লক্ষ্য করা যায়।

পাশাপাশি ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, ভিডিওটি জামায়াতে ইসলামীর কুমিল্লা সমাবেশের। পরবর্তীতে মূলধারার গণমাধ্যমে একই সমাবেশের একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও পাওয়া যায়।
যেটি গত ৩০ জানুয়ারি প্রচারিত হয়েছিল। এছাড়াও জানা যায়, জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশটি কুমিল্লার টাউনহল মায়দানে আয়োজিত হয়।
সুতরাং, জামায়াতে ইসলামীর কুমিল্লার নির্বাচনী সমাবেশের ভিডিওকে আবদুল্লাহ আল জাবেরের আহত হওয়ার ঘটনায় শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ সমাবেশের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Mtv Bangla – এম টিভি বাংলা Facebook Post: কুমিল্লার নামে বিভাগ ঘোষণা, বিমানবন্দর চালু ও ইপিজেড বাস্তবায়নের প্রতিশ্রুতি—ডা. শফিকুর রহমান
- EKHON TV Youtube Channel: Live: কুমিল্লায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান | Jamaat Amir
- Rumor Scanner’s Analysis

