প্রথম আলোর নামে ভুয়া সাইট, নেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ডের আবেদন 

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল ফ্যামিলি কার্ড বিতরণ। এই সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘শুক্রবার থেকেই ফ্যামিলি কার্ড দিয়ে পাবেন ৫০০০ টাকা’ ক্যাপশনে কিছু ফেসবুক পোস্ট নজরে এসেছে রিউমর স্ক্যানারের৷ এসব পোস্টের ফটোকার্ডে প্রথম আলোর লোগো এবং কমেন্টে দেওয়া লিংকে ‘https://prothom-alo.online/family-card/’ নামের একটি ওয়েব সাইটের লিংক দিয়ে তাতে ফ্যামিলি কার্ডের জন্য আবেদনের আহ্বান জানানো হয়েছে। 

এছাড়া, সমজাতীয় দাবিতে কিছু পোস্টে https://bddailynews.xyz/family-card নামে আরেকটি সাইট লিংক দিয়ে একইভাবে আবেদন করতে বলা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফ্যামিলি কার্ডের জন্য আবেদন এখনও শুরু হয়নি এবং প্রথম আলোও এ সংক্রান্ত কোনো সংবাদ দেয়নি। প্রকৃতপক্ষে, পত্রিকাটির নামে ভুয়া একটি ওয়েবসাইট খুলে প্রতারণার উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন শুরু সংক্রান্ত কোনো তথ্য সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি। ফ্যামিলি কার্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে কমিটি বিষয়ক অধিশাখার ১৯ ফেব্রুয়ারির একটি প্রজ্ঞাপন পাওয়া যায়। এতে বলা হয়, দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলটিং) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের আগে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সেই লক্ষ্য পূরণে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়েছে কমিটিকে।

অর্থাৎ, এই প্রজ্ঞাপন থেকেই স্পষ্ট যে, ফ্যামিলি কার্ডের জন্য এখনও মাঠ পর্যায়ে আবেদন শুরু হয়নি।

এ সংক্রান্ত আলোচিত দাবিতে ছড়ানো পোস্টগুলোতে যুক্ত ফটোকার্ডে প্রথম আলোর লোগো থাকার সূত্রে পত্রিকাটির ফেসবুক পেজ পর্যালোচনা করে এমন দাবির কোনো ফটোকার্ড পাওয়া যায়নি৷ এসব পোস্টে https://prothom-alo.online এবং https://bddailynews.xyz নামে যে দুইটি ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে সেগুলোর ইন্টারফেস একইরকম। উক্ত দুই লিংকে (, ) প্রবেশ করলে ‘ফ্যামিলি কার্ড অনলাইন পোর্টাল ২০২৬’ শিরোনামে একটি পেজ খুলে যায়। পেজটিতে ‘আবেদন করুন’ নামে একটি বাটন রয়েছে, যাতে ক্লিক করলে একটি খালি পাতায় নিয়ে যাচ্ছে৷

সাইট দুটোর ডোমেইন যাচাই করতে গিয়ে দেখা যায়, প্রথম আলোর নামে চালু থাকা সাইটটির ডোমেইন রেজিষ্ট্রেশন করা হয়েছে গত বছরের ২২ ডিসেম্বর। বিডি ডেইলি নিউজ নামের অপর সাইটটির রেজিষ্ট্রেশন হয় ২৫ ডিসেম্বর।

প্রথম আলোর নামে চালু হওয়া সাইটের ঠিকানা https://prothom-alo.online। কিন্তু প্রথম আলোর মূল ওয়েবসাইটের ঠিকানা https://www.prothomalo.com/। প্রথম আলোর নাম, লোগো ও ওয়েবসাইটের হুবহু নকশা নকল করে ভুয়া ওয়েবসাইট, ওয়েব পেজ তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ও বিজ্ঞাপন ছড়ানোর ঘটনা এবারই প্রথম নয়৷ পত্রিকাটির পক্ষ থেকে গত জানুয়ারিতেও এ বিষয়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল। সে সময় পত্রিকাটি বলেছিল, “কোনো তথ্য বা বিজ্ঞাপন সত্য কি না, তা যাচাই করতে পাঠকদের কেবল প্রথম আলোর অফিশিয়াল ওয়েবসাইট www.prothomalo.com –এ প্রকাশিত কনটেন্ট এবং প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।”

সুতরাং, শুক্রবার থেকেই ফ্যামিলি কার্ড দিয়ে পাবেন ৫০০০ টাকা শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis
Share: