ফারাক্কার বিকল্প বাঁধ নির্মাণের দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ‘ফারাক্কা বাঁধের সাথে আরেক ফারাক্কা বাঁধ উঠাইতেছে বাংলাদেশ’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বাংলাদেশের পক্ষ থেকে ফারাক্কার বিকল্প বাঁধ নির্মাণ সংক্রান্ত নয়। বরং, এটি অন্তত ২০২২ সাল থেকে বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মাধ্যমে অনলাইনে প্রচারিত হয়ে আসছে। এছাড়া, ফারাক্কার বিকল্প বাঁধ নির্মাণের বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়া যায়নি।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও থেকে কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে learningciviltechnology নামক ইন্সটাগ্রাম পেজে ২০২৪ সালের ১৪ অক্টোবর প্রচারিত একটি পোস্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওর সাথে ক্লেইম ভিডিওর সাথে হুবহু মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, পানির মধ্যে কফারড্যাম (Cofferdam) তৈরির দৃশ্য, যেটি সাধারনত ব্রিজ তৈরির ক্ষেত্রে করা হয়ে থাকে।

এছাড়া, ২০২২ সালেও ফেসবুক টিকটকে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থেকে একই ভিডিও প্রচার হতে দেখা গেছে।

অনুসন্ধানে জানা যায়, গেলো বছরের আগস্টে ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের টানা ভারী বর্ষণের ফলে দেশের অন্তত ১০টি জেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। এ প্রেক্ষাপটে, বাংলাদেশের পক্ষ থেকে ফারাক্কার বিকল্প বাঁধ নির্মাণের দাবি ওঠে। তবে এখন পর্যন্ত বিশ্বস্ত কোনো সূত্রে এই বাঁধ নির্মাণের কোনো উদ্যোগের তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, পুরোনো ভিডিও ব্যবহার করে বাংলাদেশ ফারাক্কা বাঁধের বিকল্প হিসেবে আরেকটি বাঁধ নির্মাণ করছে দাবি করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Instagram – learningciviltechnology post 
  • YoutTube- Approximate Engineer short 
  • Facebook- Dambar Sunuwar Kyabacha post
  • TikTok- tra_da_media post 
Share: