ফরিদপুরে এক যুবতীকে বাড়ি থেকে তুলে নিয়ে পাটক্ষেতে গণধর্ষণের পর জবাই করে হত্যা করা হয়েছে দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালে লালমনিরহাটে পাটক্ষেত থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনার ছবি ব্যবহার করে দাবিটি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে লালমনিরহাটভিত্তিক সংবাদমাধ্যম আলোর মনি-এর ওয়েবসাইটে ২০২১ সালের ২৪ জুন প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়।

প্রতিবেদন অনুযায়ী, সেসময় লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর ফকিরটারী এলাকায় একটি পাটক্ষেত থেকে জেলেখা বেগম (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের খবরে ২৪ জুন (২০২১) বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মা জানান, প্রায় দুই মাস আগে কুড়িগ্রামের মঞ্জুরুল ইসলামের সঙ্গে জেলেখার বিয়ে হয়। গত ১৯ জুন (২০২১) স্বামীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি মেয়ের কোনো খোঁজ পাননি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আলমগীর নামে একজনকে থানায় নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এছাড়া, সেসময় প্রতিদিনের সংবাদে প্রকাশিত প্রতিবেদন থেকেও ঘটনাটির বিষয়ে একই তথ্য পাওয়া যায়।
সুতরাং, ২০২১ সালের পুরোনো ঘটনার ছবি ব্যবহার করে ফরিদপুরে যুবতীকে বাড়ি থেকে তুলে নিয়ে পাটক্ষেতে গণধর্ষণের পর জবাই করে হত্যা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
Alor Moni – পাট ক্ষেত থেকে গৃহবধুর মৃতদেহ উদ্ধার
Protidiner Sangbad – ঝিয়ের কাজ করছিলেন মা, খবর এলো পাটক্ষেতে মেয়ের লাশ


