সম্প্রতি, ‘১৭ বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করলাম অথচ আমাকে এমপি করা হলো না। এই নোংরা রাজনীতিতে আমি থাকতে চাই না’ শিরোনামে মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথিকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফারজানা সিঁথি আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে, ‘Gupto Television’ নামক নামের একটি ফেসবুক পেজে গত ২১ এপ্রিল প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে। ‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম। সমস্ত কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমাদের কন্টেন্ট হাস্যরস, স্যাটায়ার এবং প্যারোডির মাধ্যমে উপস্থাপন করা হয়, যার একমাত্র উদ্দেশ্য হলো বিনোদন।’ (অনূদিত)
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ফারজানা সিঁথি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন আবেদন করেন। তবে তিনি মনোনয়ন পাননি।
সুতরাং, ফারজানা সিঁথি ‘১৭ বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করলাম অথচ আমাকে এমপি করা হলো না। এই নোংরা রাজনীতিতে আমি থাকতে চাই না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Gupto Television – Facebook Post
- Jugantor – বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি
- BDnews24 – বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি


