ফেনীতে আ.লীগে নেতার ছেলেকে হত্যার দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, “ফেনী পরশুরাম উপজেলায় দুই নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেমের ছোট ছেলে মোঃ ইমরান নিজ বাড়িতে দুর্বৃত্তরা গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে, পরে স্থানীরা তার মৃতদেহ উদ্ধার করেন। এখন পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে মানুষের জীবনের কোন মূল্য নেই!” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ফেনীর পরশুরাম উপজেলার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের ছেলেকে গলায় ফাঁস দিয়ে হত্যার ঘটনার ভিডিও নয় বরং, হত্যা মামলার আসামী এমরানের হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘ᗰᗪ ᗩᗷᗪᑌᒪᒪᗩᕼ’ নামক ফেসবুক প্রোফাইলে গত ২৫ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিও ক্যাপশনে দাবি করা হয়, ফেনী,পরশুরাম উপজেলা ২নং ওয়ার্ডের বাউর পাথরের বাসিন্দা কাউন্টেন আবুল কাশেমের ছোট ছেলে মোঃ এমরান তার নিজ বাড়িতে বদ্ধ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে জাতীয় দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে গত ২৫ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ফেনীর পরশুরামে নিজ ঘরের সিলিংয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এমরান হোসেন (২৮) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের বড় ভাই রেজাউল করিমের বরাতে বলা হয়, সে মানসিকভাবে অসুস্থ ছিল, মাদকাসক্তও ছিল। কী কারণে সে আত্মহত্যা করেছে, তা আমরা জানি না।

সেসব এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমও সংবাদ (, , ৩) প্রকাশ করে।

পরবর্তীতে, এ বিষয়ে আরও নিশ্চিত হতে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি জানান, ভিকটিম এমরান হোসনে শিশুকে ধর্ষণ করে হত্যা করেছিল। তার বিরুদ্ধে হত্যা মামলা বিচারাধীন আছে। জামিনে এসে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে।

সুতরাং, ফেনীর পরশুরামে হতাশাগ্রস্ত হয়ে হত্যা মামলার আসামীর আত্মহত্যার ভিডিওকে আওয়ামী লীগ নেতার ছেলেকে হত্যার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: