২০২৬ ফিফা বিশ্বকাপে ফাইনালে উঠেছে স্পেন। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট সংগ্রহ করে দলটি। এরই প্রেক্ষিতে, ফ্রান্সের সাথে স্পেনের জয় হওয়ার পর ‘ফাইনালে উঠেই বাংলাদেশের পতাকা কাঁধে! হৃদয় জয় করল স্পেন’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এছাড়াও ভিডিওটিতে দেখা যায়, স্পেন ফাইনালে ওঠার পর স্পেনের খেলোয়াড়েরা বাংলাদেশের পতাকা হাতে দৌঁড়াচ্ছে এবং গ্যালিরিতে থাকা স্পেন সমর্থকদের হাতেও বাংলাদেশের পতাকা।
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, বিশ্বস্ত কোনো সূত্র বা প্রতিষ্ঠিত গণমাধ্যমে প্রচারিত দাবিগুলোর পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, ভিডিওটি পর্যবেক্ষণ করে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। যেমন, খেলোয়াড়দের বাংলাদেশের পতাকা নিয়ে দৌঁড়ানোর দৃশ্য, গ্যালারিতে থাকা স্পেন সমর্থকদের হাতে বাংলাদেশের পতাকা থাকার দৃশ্য, গ্যালারিতে থাকা মানুষের অঙ্গভঙ্গি ও অস্বাভাবিক নড়াচড়া যা বাস্তবিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পরবর্তীতে, ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করলে এটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ফলাফল পাওয়া যায়।

সুতরাং, স্পেন ফাইনালে ওঠার পর স্পেন খেলোয়াড়রা বাংলাদেশের পতাকা নিয়ে দৌঁড়াচ্ছে দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।


