গত ২২ নভেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে, ‘ব্রেকিং নিউজ বায়তুল মোকাররম মসজিদে আগুন’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৩ লাখ ৩০ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে বায়তুল মোকাররম মসজিদে আগুনের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০১৮ সালে বায়তুল মোকাররম মার্কেটে আগুনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Beautiful life’ নামক ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ৯ মার্চ ‘বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হঠাৎ আগুন । আমার দ্বারা ভিডিও তোলা হয়েছে । 1’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর শুরু থেকে ১৫ সেকেন্ড অংশের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ঢাকা টাইমস২৪ এর ওয়েবসাইটে ২০১৮ সালের ৯ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন জুমার নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মার্কেটের একটি গুদামে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। জুমার খুতবা চলাকালে পূর্ব দিকে মার্কেটের একটি গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত হয়।
সেসময় দেশের অন্যান্য গণমাধ্যমও এবিষয়ে সংবাদ (১, ২, ৩, ৪) প্রচার করে।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, ২০১৮ সালে বায়তুল মোকাররম মার্কেটে আগুনের ভিডিওকে সাম্প্রতিক সময়ে মসজিদে আগুনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Beautiful life – বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হঠাৎ আগুন । আমার দ্বারা ভিডিও তোলা হয়েছে । 1
- dhakatimes24.com – বায়তুল মোকাররম মার্কেটে আগুন


