সম্প্রতি ঈদুল ফিতরের আগে রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ১০ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৩ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বসুন্ধরা সিটি শপিংমলে অগ্নিকাণ্ডের নয় এবং এটি সাম্প্রতিক কোনো ঘটনার দৃশ্যও নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের অক্টোবরে চট্টগ্রাম ইপিজেডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে প্রথম আলোর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৬ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, এটি সেদিন দুপুরে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার দৃশ্য। এই ঘটনায় চট্টগ্রাম ইপিজেডের নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামক একটি কারখানায় আগুন লাগে।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে বসুন্ধরা সিটি শপিংমলে অগ্নিকাণ্ডের দৃশ্য নয়।
পরবর্তীতে, এ বিষয়ে একাধিক গণমাধ্যমে (১, ২, ৩) প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, সাম্প্রতিক সময়ে ঈদুল ফিতরের আগে বসুন্ধরা সিটি শপিংমলে অগ্নিকাণ্ডের দৃশ্য দাবিতে ২০২৫ সালে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo – YouTube Video
- The Daily Star – Fire breaks out at towel factory in Chattogram EPZ
- New Age – CEPZ fire not controlled in 8 hrs
- সমকাল – সাততলার আগুন পুড়তে পুড়তে নিচতলায়


