চট্টগ্রামে রেললাইনে ঘুরছে মাছ দাবিতে ভারতের পুরোনো ভিডিও প্রচার

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের উত্তর–পূর্ব ও দক্ষিণ–পূর্বাঞ্চলের নানা জেলায় বন্যা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘স্টার টেলিভিশন’ নামের একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, ‘চট্টগ্রামের রেলনাইনে ঘুরছে মাছ’।

এরূপ দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট: স্টার টেলিভিশন।
এছাড়াও, কতিপয় গণমাধ্যমের ফেসবুক পেজে ভিডিওটি সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়। দেখুন: গণকণ্ঠ, নিউজফ্ল্যাশ৭১।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কিংবা সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৪ সালের জুলাইয়ে ভারতের মুম্বাইয়ের রেললাইনে মাছ ঘুরার দৃশ্যের।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘Trains of India’ নামের একটি এক্স অ্যাকাউন্টে ২০২৪ সালের ৯ জুলাইয়ে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। এ বিষয়ে এক্স পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, ভিডিওটি ভারতের মুম্বাইয়ের।

এরই সূত্র ধরে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘ডিএনএ ইন্ডিয়া’র ওয়েবসাইটে ২০২৪ সালের ১০ জুলাইয়ে এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টির কারণে মুম্বাইয়ের অবকাঠামো, বিশেষ করে শহরের প্রধান ভরসা রেল যোগাযোগের ওপর বড় ধরণের প্রভাব পড়েছে; যার ফলে অনেক এলাকায় রেললাইন ব্যাপক জলাবদ্ধতার (পানি জমে যাওয়া) শিকার হয়েছে। এই ক্ষয়ক্ষতির নানা ভিডিও এবং ছবিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো একেবারে ভেসে গেছে। এর মধ্যে একটি বেশ মজাদার ভিডিওতে দেখা গেছে, পানিতে ডুবে যাওয়া রেললাইনের মধ্যে মাছেরা মনের সুখে সাঁতার কাটছে।
এছাড়াও, সেসময় আরো নানা ভারতীয় গণমাধ্যম ও পোর্টালে আলোচিত ভিডিওর বিষয়ে প্রতিবেদন পাওয়া যায়। এসব প্রতিবেদনেও ভিডিওটি ভারতের মুম্বাই রেলওয়ের বলা হয়।
সুতরাং, সম্প্রতি বাংলাদেশের রেললাইনে মাছ ঘুরার দৃশ্য দাবিতে ২০২৪ সালে ভারতে রেললাইনে মাছ ঘুরার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

