মুসলিম ব্যক্তিকে জোরপূর্বক হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার দাবি, ভিডিওর প্রকৃত ঘটনা ভিন্ন

সম্প্রতি, ভারতে মুসলিম ব্যক্তিকে জোরপূর্বক হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি মুসলিম ব্যক্তিকে জোরপূর্বক হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার নয়। প্রকৃতপক্ষে, ভারতের উত্তর প্রদেশের জালাউনে হিন্দু ব্যক্তিকে জোরপূর্বক মুসলিম ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ ও পরবর্তীতে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘Dainik Bhaskar’ এর ওয়েবসাইটে গত ১৪ জানুয়ারি ‘जालौन में धर्म परिवर्तन मामले में FIR दर्ज:मुस्लिम महिला रेशमा पर जबरन धर्म परिवर्तन का आरोप, पुलिस जांच में जुटी’ শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, উত্তর প্রদেশের জালাউনে গোপী আহিরওয়ার নামক ব্যক্তি পুলিশ সুপার ডঃ দুর্গেশ কুমারকে দেওয়া এক আবেদনে অভিযোগ করেন যে, আহসান আলীর স্ত্রী রেশমা তাকে জোরপূর্বক প্রতারণার মাধ্যমে ধর্মান্তরিত করেন।

সেসময় উক্ত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (, , ) প্রচার হয়।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ভারতীয় গণমাধ্যম আজতাকের ওয়েবসাইটে গত ১৪ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, জালৌন জেলার ওরাই কোতোয়ালি এলাকার বাঘাউরা বাইপাসের বাসিন্দা গোপী আহিরওয়ার (৬৬) অভিযোগ করেন, তাকে ১৫ বছর আগে রেশমা নামের এক মহিলা হত্যার হুমকি দিয়ে জোর করে ধর্মান্তরিত করেন এবং তাঁর নাম পরিবর্তন করে ‘দিন মোহাম্মদ’ রাখেন। এই সময়ে তাঁকে জিম্মি করে রাখা হয়, তাঁর ওপর হামলা চালানো হয় এবং তাঁর মূল্যবান জমি দখল করা হয়। গঙ্গায় স্নান এবং হনুমান মন্দিরে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তিনি পুনরায় হিন্দুধর্ম গ্রহণ করেন। এরপর তিনি এসপি অফিসে পৌঁছে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

সুতরাং, হিন্দু ব্যক্তিকে জোরপূর্বক মুসলিম ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ ও পরবর্তীতে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণের ভিডিওকে মুসলিম ব্যক্তিকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

AajTak – जालौन: 15 साल बाद ‘दीन मोहम्मद’ फिर बना गोपी अहिरवार, मुस्लिम महिला पर लगाया जबरन खतना कराने का आरोप

Share: