সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতারের ঘটনাকে সাবেক আইজিপি নূর মোহাম্মদ গ্রেফতার দাবিতে প্রচার

গত ২৭ জুন কতিপয় গণমাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ‘সাবেক আইজিপি নূর মোহাম্মদ গুলশান থেকে আটক’।

এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত সংবাদ: দ্য ডেইলি স্টার।
এছাড়াও, সংবাদমাধ্যম ডেইলি সান আলোচিত দাবিতে সংবাদ প্রকাশ করে পরবর্তীতে সরিয়ে নেয়। তবে অনলাইনে ডেইলি সান কর্তৃক আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়।
এরূপ দাবিতে নেটিজেন কর্তৃক ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ গ্রেফতার হননি। প্রকৃতপক্ষে, জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গত ২৭ জুন গ্রেফতার হয়েছেন।
এ বিষয়ে অনুসন্ধানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’ এর ওয়েবসাইটে গত ২৮ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘রাজধানীর গুলশান এলাকা থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ (৫৬)কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় গুলশান থানাধীন গুলশান ১ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।’
এছাড়াও, অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটেও এ বিষয়ে গত ২৮ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, রাজধানীর গুলশান থেকে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
তবে অনুসন্ধানে সম্প্রতি সাবেক আইজিপি নূর মোহাম্মদ গ্রেফতার হওয়ার দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিষয়ে অনুসন্ধানে গত বছরের ফেব্রুয়ারিতে মূলধারার গণমাধ্যম যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। এরপর গত বছরের জুনে সংবাদমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত আরেক প্রতিবেদন সূত্রে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে সাবেক আইজিপি নূর মোহাম্মদের গ্রেফতার হওয়ার কোনো ঘটনা পাওয়া যায়নি।
সুতরাং, সম্প্রতি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

