চলমান সংঘাতে ইরান কর্তৃক ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা দাবিতে গেমিং ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘🇮🇷আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইলের নাম মুছা হচ্ছে’।
অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওটি চলমান সংঘাতে ইরান কর্তৃক ইসরায়েলে ক্ষেপণাস্ত্র/মিসাইল হামলার দৃশ্য।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল ফেসবুক পোস্টটি এককভাবে প্রায় ৭ লক্ষ বার দেখা হয়েছে এবং ৩০ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলমান সংঘাতে ইরান কর্তৃক ইসরায়েলে লাগাতার ক্ষেপণাস্ত্র/মিসাইল হামলার আসল কোনো দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে প্রচারিত ভিডিওটি একটি গেমিং ভিডিওর দৃশ্য যা আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘Noakhaila kaga’ নামক একটি ফেসবুক পেজে গত ২১ ফেব্রুয়ারিতে আলোচিত দাবিতে প্রচারিত মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘এক মুহূর্তের মধ্যে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একটি সিমুলেশন’। (অনূদিত)

ফেসবুক পেজটির বায়োতে বলা হয়, ‘বিনোদনধর্মী এই ইউটিউব শর্টস আমার নিজের ওয়ার থান্ডার গেমপ্লের একটি অংশ—যা আমি নিজেই রেকর্ড করেছি এবং দ্রুত ও আকর্ষণীয় হাইলাইট হিসেবে এডিট করেছি।’ (অনূদিত)
ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করলে তাতে আরো অনেক ভিডিও পাওয়া যায় যার প্রায় সবগুলোই ‘ওয়ার থান্ডার’ নামক ভিডিও গেমের দৃশ্য বলা হয়েছে। এছাড়াও, ফেসবুক পেজের ‘অ্যাবাউট’ সেকশনেও ‘গেমিং ভিডিও ক্রিয়েটর’ উল্লেখ করা হয়েছে।
তাছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ক্যামেরা অ্যাঙ্গেলও বেশ স্থিতিশীল ও সিনেমাটিক যা সাধারণত এত কাছে থেকে আসল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ভিডিওতে দেখা যায় না। এ থেকে স্পষ্ট যে প্রচারিত ভিডিওটিও মূলত গেমিং ভিডিও।
সুতরাং, চলমান সংঘাতে ইরান কর্তৃক ইসরায়েলে লাগাতার ক্ষেপণাস্ত্র/মিসাইল হামলার দৃশ্য দাবিতে গেমিং ভিডিওর দৃশ্য প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Noakhaila kaga – Facebook Post
- Rumor Scanner’s analysis

