পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ ফাইটার জেট বিধ্বস্তের দৃশ্য দাবিতে গেমিং ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ ফাইটার জেট বি/ধ্বস্ত, শেষ মুহূর্ত চেষ্টা করে জরুরী ইজেক্টে পাইলটের প্রাণরক্ষা!’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ যুদ্ধবিমান বিধ্বস্তের কোনো দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে প্রচারিত ভিডিওটি কোনো আসল যুদ্ধবিমান বিধ্বস্তেরই দৃশ্য নয় বরং, একটি গেমিং ভিডিওর দৃশ্য যা আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘ThunderX Gaming’ নামক একটি ফেসবুক পেজে গত ২৪ ফেব্রুয়ারিতে আলোচিত দাবিতে প্রচারিত হুবহু ভিডিওটি পাওয়া যায়। ‘ThunderX Gaming’ এর ফেসবুক পেজের ভিডিওটি খানিকটা দীর্ঘায়িত সংস্করণ। ‘ThunderX Gaming’ নামক ইউটিউব চ্যানেলেও একই ভিডিওটি গত ২৪ ফেব্রুয়ারিতে প্রচার হতে দেখা যায়।

ভিডিওটির বিষয়ে ফেসবুক পোস্টটিতে বলা হয়, এটি ‘ওয়ার থান্ডার’ নামক একটি ভিডিও গেমের দৃশ্য। ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করলে তাতে আরো অনেক ভিডিও পাওয়া যায় যার প্রায় সবগুলোই ‘ওয়ার থান্ডার’ নামক ভিডিও গেমের দৃশ্য বলা হয়েছে। এছাড়াও, ফেসবুক পেজের ‘অ্যাবাউট’ সেকশনেও ‘গেমিং ভিডিও ক্রিয়েটর’ উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সাম্প্রতিক সময়ে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কোনো ভিডিও নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি মূলত একটি গেমিং ভিডিও।
প্রসঙ্গত, সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে নানা আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, আফগানিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে যে পূর্ব আফগান শহরে একটি পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং বিমানের একজন পাকিস্তানি পাইলটকে তারা আটক করেছে; তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে।
সুতরাং, সম্প্রতি পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ যুদ্ধবিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে গেমিং ভিডিওর দৃশ্য প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- ThunderX Gaming – Facebook Post
- ThunderX Gaming – YouTube Video

