নির্বাচনে গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচিত একমাত্র হিন্দু প্রার্থী নন

সম্প্রতি ভারতীয় কতিপয় গণমাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচিত একমাত্র হিন্দু প্রার্থী।

এরূপ দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন: ফার্স্টপোস্ট, রিপাবলিক ওয়ার্ল্ড (ইউটিউব), ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।
এরূপ দাবিতে ভারতীয় গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায় একমাত্র হিন্দু বিজয়ী প্রার্থী নন। প্রকৃতপক্ষে, তার বেয়াই নিতাই রায় চৌধুরীও হিন্দু ধর্মাবলম্বী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাশাপাশি, আরও অন্তত দুইজন সংখ্যালঘু প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছেন।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে গত ১৩ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের চার প্রার্থী জয়লাভ করেছেন। তারা সবাই বিএনপি-মনোনীত প্রার্থী। ঢাকা-৩ আসন থেকে জয় পেয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। মাগুরা-২ আসনে জয়ী হয়েছেন বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি গয়েশ্বর চন্দ্র রায়ের বেয়াই। বান্দরবান থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন সাচিং প্রু। রাঙামাটি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে জয়লাভ করেছেন দীপেন দেওয়ান।
উপরোল্লিখিত হিন্দু ধর্মাবলম্বী গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই চন্দ্র রায়ের জয়ী হওয়ার বিষয়ে আরো একাধিক গণমাধ্যম সূত্রেও জানা যায়।
উল্লেখ্য, এর মধ্যে দীপেন দেওয়ানের ধর্মীয় পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’য় বলা হয়েছে, দীপেন দেওয়ান চাকমা বৌদ্ধ নেতা এবং নিতাই রায় চৌধুরী হিন্দু নেতা। আরেক সংখ্যালঘু সাচিং প্রু কোন ধর্ম পালন করেন তাও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
অর্থাৎ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত দুইজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি জয়ী হয়েছেন। গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচিত একমাত্র হিন্দু প্রার্থী নন।
সুতরাং, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচিত একমাত্র হিন্দু প্রার্থী শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Prothom Alo – দুই বেয়াইসহ সংখ্যালঘু সম্প্রদায়ের চার প্রার্থীর জয়
- Jugantor – সংসদে যাচ্ছেন দুই বেয়াই
- Al Jazeera – Who are Bangladesh’s new cabinet members?

