আ.লীগ ও জামায়াতকে নিষিদ্ধ করে বিএনপি গণতন্ত্র কায়েম করবে বলেননি গয়েশ্বর চন্দ্র, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “আওয়ামিলিগ আর জামায়াত নিষিদ্ধ করে বিএনপি এদেশে গনতন্ত্র কায়েম করবে” শীর্ষক শিরোনামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্য দাবিতে মূলধারার সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আওয়ামিলিগ আর জামায়াত নিষিদ্ধ করে বিএনপি এদেশে গনতন্ত্র কায়েম করবে” শীর্ষক তথ্যে বা শিরোনামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্য দাবিতে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, গয়েশ্বর চন্দ্র রায়ও এরূপ কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে চ্যানেল২৪ এর লোগো এর উল্লেখ রয়েছে।

চ্যানেল২৪ এর লোগোর সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও চ্যানেল২৪ এর ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ২ নভেম্বরে “বিএনপি মাঠে নামলে সরকার টিকবে কিনা সন্দেহ আছে” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘বিএনপি মাঠে নামলে সরকার টিকবে কিনা সন্দেহ আছে’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘আওয়ামিলিগ আর জামায়াত নিষিদ্ধ করে বিএনপি এদেশে গনতন্ত্র কায়েম করবে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, ফন্টেও অমিল রয়েছে।

এছাড়াও, একই ছবি ও ডিজাইনে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টের সময়কালে চ্যানেল২৪ এর অন্য কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। অর্থাৎ, চ্যানেল২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে দল নিষিদ্ধ করার বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের অভিমত ও দৃষ্টিভঙ্গির বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে গত ১০ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, গত ১০ মে এক আলোচনা সভার এক পর্যায়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তিনি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলছেন, কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকরণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। সমাধান মানসিকতায়। একটা ন্যায়ভিত্তিক সমাজ ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলে, আইনের শাসন বলবৎ করতে পারলে, কোন দল কখন নিষিদ্ধ হবে, সেটা জনগণের মাধ্যমে দেখা যাবে।

তাছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।

সুতরাং, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন “আওয়ামিলিগ আর জামায়াত নিষিদ্ধ করে বিএনপি এদেশে গনতন্ত্র কায়েম করবে” শীর্ষক দাবিতে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: