সম্প্রতি, ‘মিশর তাদের দেশের সীমান্তে ৩০ ফুট উঁচু দেয়াল তৈরী করে রেখেছে, যাতে গা/জার মুস′লিম রা মিশরে প্রবেশ করতে না পারে।…’ ক্যাপশনে একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবির সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ২০২১ সালে ইসরায়েল-লেবানন সীমান্তে পতাকা হাতে লেবাননের বিক্ষোভকারীদের প্রতিবাদ করার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে hargeisawi নামক একটি এক্স অ্যাকাউন্টে ২০২১ সালের ১৬ মে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি কী-ফ্রেমের সাথে আলোচিত ছবির সাদৃশ্য রয়েছে।

উক্ত পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি ফিলিস্তিন বর্ডারে লেবাননের লোকজনের জড়ো হওয়ার দৃশ্য।
পরবর্তীতে, Quds News Network নামক একটি ফিলিস্তিনি সংবাদ আউটলেটের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে ২০২১ সালের ১৬ মে প্রকাশিত একটি পোস্টে একই ঘটনার কিছু ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিতেতে থাকা বিষরবস্তু ও পটভূমির মিল খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, সেসময় শত শত লেবানন বিক্ষোভকারী লেবানন-অধিকৃত ফিলিস্তিন সীমান্ত বরাবর ইসরায়েলের কংক্রিটের দেয়ালে আরোহণ করে এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর সাথে সংঘর্ষের জন্য ফিলিস্তিনে অনুপ্রবেশের চেষ্টা করে (অনূদিত)।
এছাড়া, এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এর ওয়েবসাইটে ২০২১ সালের ১৫ মে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিছু ছবি খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবিগুলোর প্রসঙ্গে জানা যায়, দক্ষিন লেবাননের লেবানন-ইসরায়েল সীমান্তের কাছে আদাইসেহ গ্রামে ফিলিস্তিন জনগনের সাথে সংহতি প্রকাশের জন্য বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা একটি সীমান্ত প্রাচীরের উপরে উঠে এবং পতাকা ধরে প্রতিবাদ করেছিলো, সংযুক্ত ছবিগুলো উক্ত ঘটনার দৃশ্য।
উল্লেখ্য, ২০২৪ সালে মিশর গাজা উপত্যকার সাথে তার সীমান্তের কাছে কংক্রিটের দেয়াল তুলে একটি সুরক্ষিত বাফার জোন তৈরি করে।
সুতরাং, গাজার বাস্তুচ্যুত মুসলমানদের দেশটিতে প্রবেশে বাধা দিতে মিশর তাদের সীমান্তে ৩০ ফুট উঁচু দেয়াল তৈরি করেছে দাবিতে ২০২১ সালে লেবাননের বিক্ষোভকারীদের ইসরায়েল সীমান্তে প্রতিবাদ জানানোর একটি ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- hargeisawi – X Post
- Quds News Network – X Post
- Reuters – Pictures
- Al Jazeera – Satellite photos show Egypt building Gaza wall as Israel’s Rafah push looms


