গাজীপুরের পাঁচটি আসনের নির্বাচন স্থগিত হওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি, ‘গাজীপুরের ৫ টি আসনের নির্বাচন স্থগিত’ শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গাজীপুরের পাঁচটি আসনের নির্বাচন স্থগিত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গাজীপুরের পাঁচটি আসনের ব্যালট পেপার বিতরণ করার তারিখ ছিল গতকাল (০৭ ফেব্রুয়ারি); যা একদিনের জন্য স্থগিত করে আজ (০৮ ফেব্রুয়ারি) থেকে বিতরণ করা হচ্ছে বলে জানান গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গাজীপুরের পাঁচটি আসনের নির্বাচন স্থগিত হওয়ার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং গাজীপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, প্রথম আলোর ওয়েবসাইটে গতকাল (০৭ ফেব্রুয়ারি) “গাজীপুরের ৫টি আসনে ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল বিতরণ কার্যক্রম স্থগিত করার তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত সূচি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ব্যালট পেপার বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হলো। নির্বাচনী মালামাল বিতরণের নতুন তারিখ ও সময় পরে জানানো হবে। তবে স্থগিতের নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে কালের কণ্ঠ, কালবেলা, আমার দেশ সহ একাধিক গণমাধ্যম।
অর্থাৎ, নির্বাচন স্থগিত নয় বরং, পাঁচ আসনের ব্যালট পেপার বিতরণ স্থগিত করা হয়েছিল।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য গাজীপুর জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির রিউমর স্ক্যানারকে বলেন, ‘এই তথ্যটি ভুয়া। পাঁচটি আসনের ব্যালট পেপার বিতরণ একদিন স্থগিত করা হয়েছিল। আজ থেকে আবার বিতরণ করা শুরু হয়েছে।’
সুতরাং, গাজীপুরের পাঁচটি আসনের নির্বাচন স্থগিত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Election Commission- Website
- Gazipur District Administration- Website
- Prothom Alo- গাজীপুরের ৫টি আসনে ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত
- Kaler Kantha- গাজীপুরে ব্যালট বিতরণ রবিবার
- Kalbela- গাজীপুরে ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত
- Amar Desh- গাজীপুরে ব্যালট বিতরণ রোববার
- Gazipur District- ADC Statement

